জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা চয়নিকা চৌধুরী। তার দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’। বুধবার (২ নভেম্বর) থেকে সিলেটে এর শুটিং শুরু হয়েছে।
এই সিনেমায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।
গত এপ্রিলে সিনেমাটির ঘোষণা আসে। সেসময় চয়নিকা চৌধুরী জানিয়েছিলেন, ১ জুন থেকে শুটিং শুরু হবে। তবে নানা কারণে সেটি সম্ভব হয়নি। অবশেষে প্রায় ৫ মাস পর বুধবার শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
বিষয়টি নিজেই নিশ্চিত চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘জুন-জুলাইয়ে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও সেসময় সিলেটে বন্যার কারণে সেটি সম্ভব হয়নি। আজ থেকে আমরা সিলেটে এর শুটিং শুরু করলাম।’
একটানা সিনেমাটির কাজ শেষ করবেন বলে জানালেন এ নির্মাতা। তিনি বলেন, ‘একটানা ২৮দিন শুটিং করে কাজ শেষ করব। এর মধ্যে আগামী ১২ তারিখ পর্যন্ত সিলেটেই শুটিং হবে। এরপর ১৩ তারিখ ঢাকায় ফিরে সেদিনই রওনা দিবো ঢাকার বাইরে।’
এদিকে প্রহেলিকার গল্প নিয়ে তেমন কিছু না জানাতে চাইলেও হালকা ইঙ্গিত দিলেন চয়নিকা চৌধুরী। বললেন, ‘মানুষের জীবনটা তো একটা রহস্য। প্রহেলিকা মানেও রহস্য। সেই রহস্যটা থাক। আমি চাই দর্শক হলে গিয়ে সেই রহস্যটা দেখুক।’
এদিকে শুটিং সেট থেকে মাহফুজ-বুবলীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন নির্মাতা। সেখানে তিনি লেখেন, আজ স্বপ্ন পূরণ হলো! দ্বিতীয় চলচ্চিত্র প্রহেলিকা। ধন্যবাদ সবাইকে। যদিও অনেকেই ভেবেছিল বা আশা করেছিল স্যুটিংটা হবেনা। ধন্যবাদ সৃষ্টিকর্তাকে, অশেষ কৃতজ্ঞতা। বাকী কথা পরে হবে।
