শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন অভিনেতা ও সংগীত পরিচালক প্রীতম হাসান ও মডেল, অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের অংশগ্রহণে বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়।
শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন প্রীতম। ক্যাপশনে তিনি লেখেন, It’s official with Shahtaj Monira Hashem।’
প্রীতমের পোস্ট করা তিনটি ছবিতে তাকে সাদা শেরওয়ানিতে দেখা গেছে। কনে শেহতাজকে দেখা গেছে গোলাপি লেহেঙ্গায়। ছবিতে দুজনকেই হাসতে দেখা যাচ্ছে। অন্যদিকে, শেহতাজও তাই ফেসবুক আইডিতে কনে সাজার ছবি পোস্ট করেছেন।
এর আগে বৃহস্পতিবার তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। ওই রাতে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল হলুদ অনুষ্ঠানের কিছু ছবি পোস্ট করেছেন তার ফেসবুক অ্যাকাউন্টে।
জানা যায়, পাঁচ বছর আগে প্রীতমের ‘জাদুকর’ গানের ভিডিওতে মডেল হয়েছিলেন শেহতাজ। সেই মিউজিক ভিডিও শুটিংয়ের সময় প্রীতম-শেহজাদের ভালো লাগা শুরু হয়। সেই ভালো লাগা থেকে প্রেম, এরপর তা বিয়ে পর্যন্ত গড়াল।
উল্লেখ্য, বরেণ্য সংগীতশিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান। ‘লোকাল বাস’, ‘বেয়াইন সাব’, ‘জাদুকর’, ‘খোকা’সহ বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। গানের পাশাপাশি অভিনয় করেও নজর কেড়েছেন প্রীতম। গতকাল একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব কনটেন্ট ‘আড়ালে’।
অন্যদিকে, কয়েক বছর ধরে মডেলিং ও অভিনয় করছেন শেহতাজ। এর পাশাপাশি করেছেন গানও। ‘উড়ে যাই’ শিরোনানামে তার একটি গান বেশ প্রশংসিত হয়।





