Home রাজধানী মতিঝিলে ১৫ লাখ টাকা ছিনতাই, ৩ পুলিশ সদস্য গ্রেফতার

মতিঝিলে ১৫ লাখ টাকা ছিনতাই, ৩ পুলিশ সদস্য গ্রেফতার

0
207
ফাইল ফটো

রাজধানীর মতিঝিলে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। গ্রেফতার পুলিশ সদস্যরা হলেন: মো. কামরুল ইসলাম (৩৫), রাফিজ খান (২৬) ও তুষার ইমরান (৩১)।

বুধবার (২৬ অক্টোবর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান। তিনি জানান, গ্রেফতারের পর তাদের আদালতে তোলা হয়। আদালত তাদের দুদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন।

গ্রেফতারদের মধ্যে কামরুল অর্থ সংক্রান্ত একটি মামলায় পুলিশের চাকরি থেকে সাময়িক বরখাস্ত রয়েছেন। রাফিজ ও তুষার রাজারবাগ পুলিশ লাইনসে নিয়োজিত ছিলেন।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল খান জানান, গত ১২ অক্টোবর এই টাকা ছিনিয়ে নেয় গ্রেফতাররা। তারা নিজেদের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্য পরিচয় দিয়েছিল। ভুক্তভোগীরা রিকশাযোগে যাওয়ার পথে তাদের আটকে এই টাকা ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগীদের একজন থানায় অভিযোগ করলে ২১ অক্টোবর তাদের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। সিসি ক্যামেরা ফুটেজ যাচাই করে এই তিন কনস্টেবলের সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে।

মামলা সূত্রে জানা গেছে, হেরিটেজ অ্যাসেটস নামের একটি প্রতিষ্ঠানের সহকারী সুমন মিয়াসহ আরও দুইজন মানি এক্সচেঞ্জ থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। এরপর তারা রিকশাযোগে মতিঝিলের অফিসে ফেরার পথে ওই দিন পুলিশ কনস্টেবল তাদের পথ আটকান। এ সময় ভয়-ভীতি দেখালে সুমন মিয়া রিকশা থেকে পালিয়ে যান। রিকশায় থাকা বাকি দুজন হৃদয় ও মোয়াজ্জেমকে এই তিন পুলিশ কনস্টেবল সেখান থেকে প্রথমে কমলাপুর, পরে খিলগাঁও এলাকায় নিয়ে যান। এরপর তাদের কাছে থাকা ১৫ লাখ টাকা তারা ছিনিয়ে নেয়। পরে তাদের একটি সিএনজিতে তুলে দেন তারা। যাওয়ার সময় তাদেরকে বলা হয়েছিল, তোরা পেছনে তাকাবি না, তাকালে গুলি করে দেব।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজমুল্লাহ জানান, এ ঘটনার পর মামলা হলে মতিঝিল এলাকার বিভিন্ন রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করা হয়। তার মধ্যে ৫০টি সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে এই তিন পুলিশ কনস্টেবলের জড়িত থাকার প্রমাণ মিলে। ফলে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা রিমান্ডে ছিল। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here