দেশের বিনোদন মাধ্যমে এখন আলোচনা-সমালোচনার বিষয় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলীর সম্পর্ক। প্রথমে অভিনেত্রীর বেবি বাম্পের ছবি প্রকাশ ও কয়েকদিন পরে আড়াই বছর বয়সী ছেলের ছবি প্রকাশ্যে আনেন দুই তারকা। তারপর থেকে তাদের বিষয়টি ‘টক অব দ্যা কান্ট্রি’তে রূপ নিয়েছে।
শাকিব-বুবলীর ইস্যু নিয়ে যখন সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যম তোলপাড়, সেই সময় যুক্ত হয়েছে শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের নাম। এই দুই নায়িকাকে নিরপরাধীর তকমা দিয়ে কিং খানকে নিয়ে সমালোচনা করে যাচ্ছে একটি অংশ।
যদিও শাকিব এ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। তবে সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে বিষয়টি নিয়ে মনের আগল খুলেছেন। জানিয়েছেন ব্যক্তিগত উপলব্ধির কথা। অপু-বুবলী কি তার শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছিল— আবেগতাড়িত এই গুরুতর প্রশ্ন রেখেছেন অনুরাগীদের কাছে।
অপু ও বুবলীকে নিয়ে শাকিব বলেন, ‘আমার সঙ্গে তাদের বিয়ে ও সন্তান নিয়ে তাদের মনে যখন এমনই উচ্ছ্বাস ছিল, তখন তারা বিয়ে বা সন্তান জন্মের পরপরই সবাইকে বিষয়টি কেন জানাল না। কোথায়, আমি তো তাদের মুখ বন্ধ করে রাখিনি। প্রকাশই যদি করতে হলো তাহলে এত দেরিতে কেন? তাহলে কি তারা আমার শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে আমাকে অপমান আর ধ্বংস করতে চেয়েছিল? এই প্রশ্ন আমি আমার ভালোবাসার দর্শক-ভক্তদের কাছেই রাখলাম।’
এদিকে শাকিব-বুবলীর মধ্যে এখনো বিবাহ বিচ্ছেদ না হলেও তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢালিউড সুপারস্টার।
তিনি জানিয়েছেন, মানুষ কি দেখে বোঝে না, আমাদের (শাকিব-বুবলী) মধ্যে কোনো সম্পর্ক নেই এখন! এমনিতেই তো তাদের বোঝা উচিত আমাদের দূরত্বের কথা। সে (বুবলী) নয় মাস আগে আমেরিকা থেকে আসার পর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আর এর অর্থ কী সবার দ্বারে দ্বারে গিয়ে বুঝিয়ে আসতে হবে? একসময় মানুষ এমনিই জানবে আমাদের সম্পর্ক কোনো পর্যায়ে রয়েছে। তাদের এমনিই বোঝা উচিত এই দূরত্বের কথা।
তিনি স্পষ্ট জানান, চাইলেই অনেক সত্য প্রকাশ করতে পারি না। বাচ্চাটা (শেহজাদ খান বীর) বড় হচ্ছে। আমি চাই না, এ বিষয় নিয়ে আগামীতে তার মনে কোনো বাজে প্রতিক্রিয়া তৈরি হোক।
নায়ক যোগ করেন, আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর আমার প্রিয় দুই সন্তান। তাদের নিয়েই আগামীর পথ পাড়ি দিতে চাই।
