গতকাল (২৪ অক্টোবর) ছিলো ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জন্মদিন। এদিন ৩০-এ পা রেখেছেন তিনি। প্রতি বছরই ধুমধাম করে নিজের জন্মদিন উদ্যাপন করেন ঢালিউডের ‘স্বপ্নবাজ’ এই নায়িকা। সেই অনুষ্ঠানের রেশ ছড়িয়ে যায় সামাজিক মাধ্যমে, তার ভক্ত-শুভাকাঙক্ষীদের মনেও।
এবার পায়রার সাজে জন্মদিনের কেক কাটলেন পরী। এদিন রাত ৮টায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে তার জন্মদিন পালনের জমকালো আয়োজন করা হয়। তবে বৃষ্টির কারণে ২ ঘণ্টা বিলম্বে অনুষ্ঠান শুরু হয় রাত সাড়ে ১০টায়।
তার আগ মুহূর্তেই আড়াই মাস বয়সী ছেলে শাহীম মাহমুদ রাজ্য ও স্বামী শরিফুল রাজকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান স্থলে আসেন পরী। এবারের জন্মদিনের অনুষ্ঠানে পায়রার সাজে হাজির হয়েছিলেন এই ‘বিশ্বসুন্দরী’ তারকা।
পাখির পালক এবং লাল-সাদা গোলাপ দিয়ে সাজানো হয়েছিলো অতিথিদের খাবার টেবিল। ঝাড়বাতিতে ঝলমলে ছিলো হল রুম। মঞ্চের সামনে বড় অক্ষরে লেখা ছিলো ‘পরীমণি’।
এবারের জন্মদিন বিশেষ, সেই সঙ্গে চমক থাকবে আগেই জানিয়েছিলেন পরীমণি। বিশেষ এই কারণে এবারই দুই থেকে চার জন হয়েছেন নায়িকা। নানার সঙ্গে এবারের জন্মদিনে প্রথমবার যুক্ত হয়েছেন স্বামী শরিফুল রাজ ও তাঁদের দুই মাস বয়সী ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।
আর পরী যে চমকের কথা বলেছেন সেটা ১৫ মিনিটের তথ্যচিত্র; যেখানে দেখানো হয়েছে শরিফুল রাজের সঙ্গে প্রেম, বিয়ে, সন্তান ও পরীর বদলে যাওয়ার গল্প।
গতকাল রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জন্মদিনে আয়োজনে এই তথ্যচিত্র অতিথিদের সঙ্গে দেখিয়ে রাজকে তাঁর জীবন বদলে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানান পরী। এসময় এই তারকা দম্পতি আবেগে ভাসেন বেশ কিছু সময়।
জন্মদিনের সাজসজ্জা নিয়ে পরী বলেন, ‘আগেই বলেছিলাম এবার জন্মদিনে শান্তির বার্তা দেবো। সেই অনুযায়ী এবার সাদা মঞ্চ ও সাদা ড্রেস পরে হাজির হলাম।’
