রাসেলকে ছাড়া ইভ্যালির সার্ভারের অ্যাক্সেস দেবে না অ্যামাজন

ইভ্যালির সহ প্রতিষ্ঠাতা এবং বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য শামীমা নাসরিন জানিয়েছেন, ইভ্যালির দেনা ও দায়ের পরিমাণ নির্ধারণের জন্য প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে কারাগার থেকে মুক্তি দিতে হবে।

যদিও দেনার পরিমাণ নির্ণয়ের বিষয়টি সার্ভারের পুনরুদ্ধারের ওপর অনেকখানি নির্ভরশীল। তাছাড়া, ব্যাপারটি বেশ সময়সাপেক্ষ বলেও জানান শামীমা নাসরিন।

সম্প্রতি সংবাদমাধ্যমকে শামীমা নাসরিন এসব কথা বলেন।

তার দাবি, ইভ্যালির সার্ভারগুলোতে অ্যাক্সেসের মাধ্যমে প্রতিষ্ঠানের দেনার পরিমাণ নিশ্চিত করা যেতে পারে। তবে মোহাম্মদ রাসেলকে ছাড়া সার্ভারে অ্যাক্সেস দেবে না অ্যামাজন।

তিনি বলেন, আপনারা জানেন ইভ্যালির সাবেক এমডি মোহাম্মদ রাসেল এখনও জেলে আছেন। তাকে ছাড়া আগের সার্ভার রিকভারি করা অনেকটা কষ্টসাধ্য, তাই আমরা দ্রুতই চেষ্টা করছি তাকে ফিরিয়ে এনে পূর্বের সার্ভার চালু করার। ততদিন আগের সব তথ্য অবশ্যই আমাজনের কাছে সুরক্ষিত থাকবে। আর সেই পর্যন্ত আমরা নতুন একটি সাপোর্টিং সার্ভার করে আমাদের ব্যবসা চালু রাখব ইনশাআল্লাহ।

এদিকে এক বছর নিরবচ্ছিন্ন ব্যবসার সুযোগ পেলে ইভ্যালি তাদের দেনা পরিশোধ করতে পারবেন বলে দাবি করেন শামীমা নাসরিন। এ কারণে ২৮ অক্টোবর থেকেই কার্যক্রম শুরু করতে চায় ই-কমার্স প্ল্যাটফর্মটি।

তিনি বলেন, গ্রাহক-মার্চেন্ট মিলিয়ে ইভ্যালির দায় রয়েছে প্রায় ৪০০ কোটির মতো, যা আমাদের নিরবচ্ছিন্নভাবে এক বছর ব্যবসা করতে দিলে মিটিয়ে দেওয়া সম্ভব। আর আমাদের গোডাউনে এখনো প্রায় ২৫ কোটি টাকা মূল্যের পণ্য পড়ে আছে।

শামীমা নাসরিন বলেন, ইভ্যালির ব্যবসা স্থগিত হওয়ার অনেক আগে থেকেই আমরা অনেক বিনিয়োগকারীর সঙ্গে কথা বলেছি। এখনও অনেক ইনভেস্টরদের সঙ্গে আমাদের যোগাযোগ চলমান রয়েছে। কিন্তু তাদের সঙ্গে যেকোনো চুক্তিতে যেতে হলে আমাদের ব্যবসাটা চালু থাকা এবং সাবেক এমডি রাসেলকে খুব প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *