দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই অভিনেত্রীর এখন বলার মতো অনেক গল্প কিংবা তাকে নিয়েই এখন অনেক গল্প। তার সাফল্যের পেছনে রয়েছে হাসি, কান্না, আনন্দ-বেদনার সংমিশ্রণ। সব বাঁধা পেছনে ফেলে নিজের অভিনয় নৈপুণ্যে দর্শকমহলে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি।
একদিকে সিনেমা, অন্যদিকে ব্যক্তিজীবন- দুই জায়গায়ই আলোচনায় থাকেন তারকারা। বাঁধনও সেই তালিকার বাইরে নয়। তার ব্যক্তিজীবন নিয়েও নেটিজেনদের আগ্রহের মাত্রা একটু বেশিই বটে!
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন বাঁধন। তিনি বলেন, বিয়ে করার এখন একদম ইচ্ছে নেই। জাস্ট কাজটা নিয়ে থাকতে চাই। আর প্রচুর সলো ট্রাভেল করতে চাই।
তিনি বলেন, আমার মেয়েরও ১৮ হলে ওকে একা বাইরে ঘুরতে পাঠিয়ে দেবো। একা না ঘুরলে এই পৃথিবীর সন্তান বলে নিজেকে চেনা যায় না। তখন মনে হয় এই পৃথিবীতে আমার অনেক কিছু করার আছে!
২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন তিনি। মডেলিং ও অভিনয়ে দারুণ জনপ্রিয় বাঁধন। অভিনয়ের পাশাপাশি ২০০৯ সালে বাংলাদেশ মেডিকেল কলেজের অধীনে দন্ত চিকিৎসা বিষয়ে গ্র্যাজুয়েশন শেষ করেন তিনি।
২০১০ সালে বিয়ে করেছিলেন এই লাক্স সুন্দরী। বিয়ের চার বছরের মাথায় সংসারের ইতি টানেন তিনি নিজেই। এরপর স্বামীর ঘর ছেড়ে বাবার বাসায় ওঠেন। এখন মেয়ে মিশেল আমানী সায়রাকে নিয়েই তার পৃথিবী। মেয়ে সায়রা পড়াশোনা করছে সানবিমস স্কুলে।
