নতুন রূপে হিরো আলম, জন্মদিনে এলো ঘোষণা

সামাজিক যোগাযোগ মাধ্যমে আশরাফুল আলম ওরফে হিরো আলম আলোচিত হয়েছিলেন গানের মডেল হয়ে। নিজের কেবল ব্যবসার পাশাপাশি হিন্দি ও বাংলা জনপ্রিয় সব চলচ্চিত্রের গানে নিজেকে মডেল হিসেবে তুলে ধরতেন। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কম আলোচনা-সমালোচনা হয়নি।

এরপর সিনেমা বানানো ও গান গাওয়া শুরু করলেন। বিকৃত সুরে গান গাওয়ার জন্য পুলিশে পর্যন্ত যেতে হয়েছিল তাঁকে। এবার সেই হিরো আলম কবিতা আবৃত্তি করবেন।

জানা গেছে, হিরো আলমের জন্মদিন আজ। আর বিশেষ এই দিনে নতুন চমকের ঘোষণা দিলেন তিনি। মূলত ‘হাসিওয়ালা’ নামে আট মিনিটের পয়েট্রিক্যাল ফিল্ম নির্মাণ করছেন অতিন্দ্র কান্তি অজু। সেই কবিতাটি আবৃত্তি করেছেন হিরো আলম।

সংগীতায়োজন করেছেন মাহাবুবুর রহমান টুনু। এতে হিরো আলম ছাড়াও রিয়া মনি, শাজু মেহেদী, মনির খান ও আতিকুর রহমান খান অভিনয় করেছেন। রোববার থেকে সিরাজগঞ্জে পয়েট্রিক্যাল ফিল্মের ভিডিওর শুটিং শুরু হবে।

হিরো আলম বলেন, আমার দর্শকদের সবসময় নতুন কিছু উপহার দিতে চাই। নাটক, সিনেমার পর গানও গেয়েছি। এবার নতুন কিছু নিয়ে হাজির হচ্ছি। হাসিওয়ালা নামে একটি কবিতা আবৃত্তি করলাম। কবিতায় আমার জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। এবার আমাকে সবাই নতুন রূপে দেখতে পাবেন। কে কী বলল সেদিকে আমি নজর দেই না। আমি সবসময় আমার দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি।

নিজের জন্মদিনে ভক্তদের উদ্দেশ্যে হিরো আলম বলেন, আমি নিজের যোগ্যতা এবং মানুষের ভালোবাসায় আজ এ পর্যায়ে আসতে পেরেছি। যারা আমার পাশে ছিলেন তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ। সবাই আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্যই কাজ করি।

নিজের জনপ্রিয়তা প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘কোনো সাইটে হিরো আলম নেই। আমার ফ্যান-ফলোয়ার কত আছে সেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় গেলেই দেখতে পারবেন। আমার প্রচুর ফ্যান ফলোয়ার, এটা তো আমি বললে হবে না। আপনারা নিজেরাই যাচাই করে দেখবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *