হাতেগোনা যে’কজন শিল্পীর মধ্যমে দেশে রবীন্দ্রসঙ্গীত বিস্তার লাভ করেছে, জনপ্রিয় হয়েছে, তাদের মধ্যে অন্যতম রেজওয়ানা চৌধুরী বন্যা। বিশিষ্ট এই শিল্পী চার দশকের বেশি সময় ধরে রবীন্দ্রসঙ্গীতের চর্চা করে যাচ্ছেন। সেই সঙ্গে এই গান ছড়িয়ে দিচ্ছেন প্রজন্ম থেকে প্রজন্মে। এবার খ্যাতিমান এই সঙ্গীতশিল্পী পেলেন আজীবন সম্মাননা।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২’ অনুষ্ঠিত হয়েছে পদ্মা সেতুর পশ্চিম প্রান্তে শেখ রাসেল সেনানিবাসে। তারকাবহুল এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আজীবন সম্মাননা।
এ বছর এই সম্মাননা পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। বরেণ্য এই শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ। সনদপত্র তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
অর্থমূল্য চেক তুলে দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং উত্তরীয় পরিয়ে দেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী।
রেজওয়ানা চৌধুরী বন্যা আজীবন সম্মাননা পেয়ে অনুভূতি ব্যক্ত করে বলেন, এমন স্বীকৃতি পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এমন স্বীকৃতি ও সম্মান সব সময়ই আনন্দদায়ক। প্রত্যেক শিল্পীই কাজের স্বীকৃতি পেতে চায়। আজ আমাকে যে সম্মান দেওয়া হলো এতে সৃষ্টিকর্তা, আমার মা-বাবা, শ্রোতা, আমার ছাত্র-ছাত্রী সবার কাছেই কৃতজ্ঞতা। স্বীকৃতি ও সম্মাননা কাজের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। যখন এমন সম্মাননা পাই তখন ভাবি আসলে আমি এর যোগ্য কি না! সেই যোগ্য যেন হয়ে উঠতে পারি সবসময় সেই প্রার্থনা করি।
