ফেরদৌস ও পূর্ণিমা একসঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। তবে সবচেয়ে বেশি করেছেন উপস্থাপনা। টিভি অনুষ্ঠান, করপোরেট শোসহ অনেক অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠেছে তাঁদের উপস্থাপনায়।
কাজের গণ্ডি পেরিয়ে ব্যক্তিজীবনেও খুব কাছের বন্ধু তাঁরা। পূর্ণিমা শেষ যে দুটি সিনেমায় অভিনয় করেছেন, সেই ‘জ্যাম’ ও ‘গাঙচিল’-এ ফেরদৌসই ছিলেন তাঁর সহশিল্পী।
অনেক দিন পর নতুন সিনেমায় কাজ করছেন পূর্ণিমা। নাম ‘আহারে জীবন’। বানাচ্ছেন ছটকু আহমেদ। এ সিনেমায়ও ফেরদৌস আছেন পূর্ণিমার সঙ্গী হিসেবে। গত রোববার থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন পূর্ণিমা। আর ইউনিটে ফেরদৌস যোগ দিয়েছেন গতকাল থেকে।
সিনেমাটি নিয়ে পূর্ণিমা বলেন, ‘আহারে জীবন’ সিনেমার গল্প অসাধারণ। দর্শক যে ধরনের গল্প পছন্দ করেন, এটি তেমনই গল্পের সিনেমা। তা ছাড়া ছটকু আহমেদ ভাই একজন গুণী নির্মাতা। তাঁর নির্মিত অনেক কালজয়ী সিনেমা রয়েছে। এমন একজন নির্মাতার সিনেমায় কাজ করতে যাচ্ছি, এটা ভালো লাগার বিষয়। এ সিনেমায় আমার বন্ধু ফেরদৌসও অভিনয় করছেন। সব মিলিয়ে কাজটি ভালো হবে আশা করছি।
২৫ বছর আগে ছটকু আহমেদের ‘বুকের ভিতর আগুন’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ফেরদৌস। এত বছর পর আবারও ছটকু আহমেদের পরিচালনায় কাজের সুযোগ পেলেন। ফেরদৌস বলেন, ‘চলচ্চিত্রে আমার গুরু শ্রদ্ধেয় ছটকু ভাই। ক্যারিয়ারের শুরুতে ছটকু আহমেদের কাছেই অভিনয়ের অনেক কিছু শিখেছি। সিনেমার শুটিংয়ের সময় তিনি আমাকে বলতেন, এ অভিনয়টা এভাবে কর, ওভাবে কর-সালমান এভাবে অভিনয় করত, আরও অনেক কিছু। প্রথম সিনেমার পর তার পরিচালনায় আর কাজ করার সুযোগ হয়ে উঠেনি আমার। দীর্ঘ ২৫ বছর পর আবারও কাজ করছি, ভীষণ ভালো লাগছে।’
করোনাকালীন ঘটে যাওয়া বিভিন্ন পরিস্থিতি নিয়ে নির্মিতব্য এই সিনেমায় পূর্ণিমা-ফেরদৗস ছাড়া আরও অভিনয় করবেন ওমর সানী, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, জয় চৌধুরী, শাহনূর, সুব্রত প্রমুখ।
