Home বিনোদন ৬ বছর পর আগের জায়গায় ফিরলেন পূর্ণিমা

৬ বছর পর আগের জায়গায় ফিরলেন পূর্ণিমা

0
130

দীর্ঘদিন ধরেই বড় পর্দার আড়ালে দিলারা হানিফ পূর্ণিমা। তবে এবার বিরতি ভেঙে বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন। রোববার (১৬ অক্টোবর) থেকে নতুন সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

সিনেমার নাম ‘আহারে জীবন’। পরিচালনা করছেন ছটকু আহমেদ। সিনেমাটি নির্মিত হচ্ছে সরকারি অনুদানে।

জানা গেছে, সিনেমাটির প্রথম পর্যায়ের শুটিং হবে ঢাকার উত্তরার বিভিন্ন এলাকায়। শুটিং চলবে টানা কয়েকদিন।

পূর্ণিমা শনিবার বলেন, “লম্বা বিরতি দিয়ে শুটিংয়ে ফিরছি। কেমন লাগছে, এখন বলতে পারব না। রোববার বলতে পারব কেমন লাগল।”

দিলারা হানিফ পূর্ণিমা সর্বশেষ কাজ করেন ২০১৬ সালে ‘লাভ অ্যান্ড কোং’ ও ‘ফিরে যাওয়া হলো না’ সিনেমায়। এরপর আর বড় পর্দার তাকে দেখা যায়নি।

নতুন সিনেমায় কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, “ফেরদৌস ও ছটকু ভাইয়ের আগ্রহেই মূলত এ সিনেমায় অভিনয় করা। তিনি প্রবীণ গুণী চলচ্চিত্র নির্মাতা। সিনেমাটিও সরকারি অনুদানের। গল্পটি ভালো লেগেছে আমার। আশা করছি, সবকিছু ঠিকঠাক হলে একটি ভালো সিনেমা পাবেন দর্শক।”

চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, “আজ থেকে ২৫ বছর আগে ছটকু ভাইয়ের সিনেমা ‘বুকের ভেতর আগুন’-এ অভিনয় করেছিলাম। এরপর তার কোনো সিনেমায় আর কাজ করা হয়ে ওঠেনি। দীর্ঘ বিরতির পর আবার কাজ করা হচ্ছে। বিষয়টি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। এছাড়া এ সিনেমায় সহশিল্পী হিসেবে আমার খুব ভালো বন্ধু পূর্ণিমাও আছে। সেটিও আমার বিশেষ ভালোলাগা।”

বাংলা সিনেমার এক সময়কার জনপ্রিয় এই জুটি ফেরদৌস-পূর্ণিমা। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ সিনেমায়ও অভিনয় করেছেন তারা। শিগগিরই সিনেমা দুটি মুক্তি পাবে বলে জানিয়েছেন ফেরদৌস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here