বসগিরি ছবির শুটিংয়েই আমাদের প্রেম হয়: বুবলী

দেশীয় শোবিজের সবচেয়ে চর্চিত নাম এখন শাকিব খান ও বুবলী। অনেক দিন ধরে চলতে থাকা শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনে ঘি ঢেলে শুরুতে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনেন এই নায়িকা। এরপর শাকিব খান ও তিনি একই দিনে সামাজিক মাধ্যমে জানান তাদের পুত্রসন্তান হয়েছে। সেদিন সন্তানের নাম এবং ছবিও প্রকাশ করেন দুজন। সবশেষ বুবলী প্রকাশ করেন নিজেদের বিয়ের তারিখও।

শাকিব-বুবলীর বিয়ে এবং সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার মধ্যেই মিডিয়ায় জোর গুঞ্জন তাদের বিচ্ছেদও হয়ে গেছে। মিডিয়ায় গুঞ্জন ৮ মাস আগেই তাদের বিচ্ছেদ হয়েছে।

তবে এই গুঞ্জনকে উদ্দেশ্য প্রণোদিত বলছেন বুবলী। তার কথায়, ‘আমাদের বিচ্ছেদের পুরাটাই মিথ্যা। দেখুন, আমরা যেদিন সন্তানের ছবি দিয়ে একটা সুন্দর, ভালো খবর প্রকাশ করলাম, সেদিনই এ মিথ্যা খবর আসে।’

‘বসিগিরি’ খ্যাত এই নায়িকা সদ্য একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আরও জানালেন, কিভাবে শাকিব খানের সঙ্গে তার প্রেমের সূচনা হয়।

বুবলী বলেন, “বসগিরি’র আগেই আমাদের ‘প্রিয়া রে‘ নামে আরেকটি ছবি নিয়ে কথা হচ্ছিল। ফলে, শুটিংয়ের আগে থেকেই তার সঙ্গে কিছুটা জানাশোনা হয়েছিল। তা ছাড়া ফিল্মের বিষয়ে শাকিব খানকে প্রথম চিনেছি, দেখেছি। ‘বসগিরি’র শুটিংয়ের শেষের দিকে আমাদের প্রেমের সম্পর্ক হয়। এরপর একটা সময় বিয়ে। তারপর সন্তান।”

৬ বছর আগে শুরু হওয়া গোপন প্রেম, এরপর বিয়ে ও সন্তান হওয়ার বিষয়টিও অনেকটা গোপনই ছিলো। বিষয়টি নিয়ে বুবলী বলেন, “দেখুন, আমি কিন্তু সন্তানের বিষয়টি গোপন করিনি। যদি গোপনই রাখতে চাইতাম, তাহলে তাকে পেটে নিয়ে শুটিংয়ে যেতাম না। বাবু যখন আমার পেটে এসেছে, তখন থেকেই আমার কাজের সেক্টরের সবাই এ ব্যাপারে কমবেশি জানতেন। এটি ওপেন সিক্রেট ছিল। ‘বীর’ ছবির শুটিংয়ে আমার অন্তঃসত্ত্বার বিষয়টি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়। তা ছাড়া আমাদের দুজনের পরিবার, কাছের মানুষ—সবাই তো জানতেন। সুতরাং এটিকে তো গোপন বলে না।”

সাক্ষাৎকারে ছেলের নামের পেছনের গল্প জানান বুবলী। তিনি বলেন, ‘শেহজাদ খান নামটি দিয়েছে ছেলের বাবা। তার ইচ্ছা ছিল ছেলের নাম রাখবে। ওই সময় আমাকে নামের একটা তালিকা তৈরি করে দিতে বলেছিল। একটি তালিকা তাকে দিয়েছিলাম। এই নাম তালিকার এক নম্বরে ছিল। আমারও নামটা খুব পছন্দ। সে এই নামই পছন্দ করে। এই নামের একটা মানেও আছে। এটি আরবি শব্দ। অর্থ রাজার ছেলে। আর বীর নামটি আমি ও আমার মা মিলে দিয়েছি। নামটি দেওয়ার কারণও ছিল।’

বুবলী আরও বলেন, “আমি যখন ‘বীর’ ছবির শুটিং করি, তখন বাবু আমার পেটে। ওই অবস্থায় শুটিং করেছি। বলতে গেলে শুটিংয়ে বাবা, মা ও সন্তান—তিনজনই একসঙ্গে ছিলাম। আমি তাকে পেটে করেই ছবিতে ফাইট করেছি, গানে নেচেছি; কোনো সমস্যা হয়নি। বলতে পারেন বীরের মতোই শুটিংয়ে আমার সঙ্গে থেকেছে আমার সন্তান। তা ছাড়া জন্মের মাসটাও ছিল স্বাধীনতার—মার্চ। সব মিলেই আমি ও মা মিলে এই নাম রেখেছি।”

বর্তমানে মা-বাবার সঙ্গে থাকছেন বুবলী। নানা, নানি ও মামার সঙ্গে বীরের সখ্যতা ভালো বলে জানালেন তিনি। বুবলী বলেন, “আমার বাইরে নানা, নানি ও মামার সঙ্গে। সারাক্ষণ ‘নানুমা’, ‘নানুমা’ বলে ডাকে। আমি কিন্তু মাম্মি, ড্যাডি—এসব শিখাই না। মা, বাবা—এভাবে ডাকতে শেখাই। পরিস্থিতির কারণে সে বাংলাদেশের বাইরে জন্মগ্রহণ করেছে। কিন্তু আমি চাইব বাংলাদেশি সত্তা যেন তার ভেতর থাকে। সে বাসায় ‘মা’, ‘বাবা’, ‘নানুমা’, ‘নানাভাই’ বলে ডাকে। নানুমার সঙ্গে একটু বনিবনা না হলে চুপ করে নানাভাইয়ের কাছে গিয়ে বসে থাকে। মাঝেমধ্যে দুষ্টুমিও করে। বাসায় মা আমাকে সাধারণত ‘বুবন’ বলে ডাকেন। কয়েক দিন আগে আমি আমার ঘরে। কোনো একটা কাজে মা আমাকে ‘এই বুবলী’ বলে ডাকছিলেন। ও আমার পাশে বসে গেম খেলছিল। মাকে ভেঙিয়ে সে ভাঙা ভাঙা গলায় বলছে, ‘এই বুবলী! এই বুবলী!’ হা হা হা। আমি ওর মুখে এ কথা শুনে কিছুটা ইমোশনাল হয়েছিলাম।”

এর আগে এক ফেসবুক পোস্টে বুবলী জানিয়েছিলেন, তার সঙ্গে শাকিব খানের বিয়ের তারিখ ছিল ২০১৮ সালের ২০ জুলাই। আর ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *