ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জনে সরগরম সিনেপাড়া। এরমধ্যে এ নায়িকার যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তি যেন আগুনে ঘি ঢেলে দেয়। দুইয়ে দুইয়ে চার মেলাতে বসে যান সমালোচকরা। এতে কিছুটা ত্যক্ত-বিরক্ত হয়ে ফেসবুক থেকে যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তির পোস্টও মুছে দেন পূজা। তারপরও থেমে নেই নেটিজেনরা।
এদিকে আগামী ১৬ অক্টোবর কুইন্সের আমাজুরা কনসার্ট হলে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের আসর বসবে। বাংলাদেশ থেকে ছোট ও বড় পর্দার একঝাঁক তারকা অংশ নেবেন। সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ঢাকাই ছবির এই নায়িকারও। তবে শেষ পর্যন্ত তিনি এ মাসে যাচ্ছেন না বলে জানা গেছে।
যদিও কয়েক দিন আগে পূজা নিজেও বলেছিলেন আমেরিকায় যাচ্ছেন তিনি। এরই মধ্যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজকেরা পূজার অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে তাঁর ছবিসহ ফেসবুকে পোস্টারও প্রকাশ করেছেন। তবে শোনা যাচ্ছে, পূজা চেরি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না, যুক্তরাষ্ট্রেই যাচ্ছেন না।
এদিকে গুঞ্জন উঠেছে, অনুষ্ঠানে শাকিব খান যাচ্ছেন না, এ কারণেই নাকি পূজাও অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাবেন না। কিন্তু পূজা কী বলেন?
শাকিবের সঙ্গে প্রেমের গুজবের মতো এটিও গুজব বলে উড়িয়ে দিয়ে পূজা একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি এখন নতুন ইস্যু হলো। যা বলা হচ্ছে, তা ঠিক নয়। স্রেফ গুজব। আমি বুঝতে পারছি না, আর কত গুজব হবে। ওই সময় এখানে আমার শুটিংয়ের কাজ পড়ে গেছে। এ কারণে আমি আপাতত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর বেশি কিছু নয়।’
পূজা আরও বলেন, ‘“পরী” নামে আমি যে ওয়েব ফিল্মটি করছি, সেটি দিয়ে একটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম যাত্রা শুরু হবে। অবশ্যই আমার সেখানে থাকতে হবে। না থাকলে অন্যায় হবে। ওয়েব ফিল্মটির প্রচারণার অংশ হিসেবে কয়েক দিনের মধ্যে আমার ফটোশুট হবে। তা ছাড়া ওটিটির উদ্বোধনের আগে ১৬ বা ১৭ অক্টোবরের দিকে একটি অনুষ্ঠান হওয়ার কথা আছে। সেখানে আমাকে থাকতে হবে। সব মিলিয়ে এখন যুক্তরাষ্ট্রে যাচ্ছি না।’
উল্লেখ্য, শাকিব খানের সঙ্গে ‘গলুই’ ছবিতে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন পূজা চেরী। ক’দিন আগে জনপ্রিয় এই নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়াজুড়ে তোলপাড় শুরু হলে নাম জড়ায় পূজা চেরীর। পূজা শুরুতে চুপ থাকলেও ক’দিন আগে জানিয়েছেন, তাদের মধ্যে পেশাদার সম্পর্ক ছাড়া কিছু নেই।
সবশেষ তিনি বলেছেন, কোনো ধরনের যাচাই–বাছাই ছাড়া যারা এ ধরনের অপপ্রচারে জড়িয়েছেন, গুজব ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেবেন।
