সম্প্রতি ঢালিউড অভিনেতা শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীর বিয়ে ও সন্তানের ঘটনা প্রকাশ্যে আসতে না আসতেই আলোচনায় চলে এসেছেন আরেক চিত্রনায়িকা পূজা চেরি। বলা হচ্ছে, ইতোমধ্যেই বিচ্ছেদ হয়েছে শাকিব-বুবলীর। আর তার নেপথ্যে রয়েছেন পূজা চেরি।
এদিকে মঙ্গলবার দুপুর থেকেই গুঞ্জন উঠেছে, গত ২২ সেপ্টেম্বর শাকিব খানকে বিয়ে করেছেন পূজা চেরি। শুধু তাই নয়, শাকিবকে বিয়ে করার জন্য সনাতন ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্মও গ্রহণ করেছেন পূজা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে হৈচৈ।
এ জন্য মানসিকভাবে ভেঙে পড়েছেন ঢালিউড নায়িকা পূজা চেরী। কান্নাকাটিও করেছেন তিনি। একটি সংবাদমাধ্যমকে এসব জানিয়েছেন পূজা চেরীর মা ঝর্ণা রায়।
তিনি বলেন, ‘পূজা মানসিকভাবে ভেঙে পড়েছে। ওকে এখন একা রাখতেও আমাদের ভয় লাগে। কখন কি করে বসে! দয়া করে আমার মেয়েটাকে নিয়ে এসব বাজে কথা লিখবেন না। মা হয়ে আমি সবাইকে অনুরোধ করছি।’
ঝর্ণা বলেন, ‘বিশ্বাস করেন, প্রেম-বিয়ে এগুলো সব মিথ্যা। মানুষ এভাবে মিথ্যা কথা বলে কি মজা পাচ্ছে। এসব সংবাদের কারণে আমাদের কি অবস্থা- কেউ কি একবার চিন্তা করেছেন। তাই সবার কাছে হাতজোড় করে বলি- আমার মেয়েটা ছোট, দয়া করে মেয়েটাকে বাঁচতে দেন।’
তিনি বলেন, ‘মানুষজন যেভাবে ওকে নিয়ে সংবাদ প্রকাশ করছে, তাতে করে ওর মানসিক অবস্থা খুব খারাপ। আমার মেয়েটা ছোট, সারাক্ষণ শুধু কান্না করছে। আমরা তাকে সারাক্ষণ বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। কোনোভাবেই ওর মন ভালো করতে পারছি না। এসব কথার কারণে পরিবারের অন্যরাও ভালো নেই। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারে- আমরা এই ভয়েই আছি। আমি মা হয়ে সারাক্ষণ ওর পাশে আছি।’
এদিকে ফেসবুকে এমন গুঞ্জন থামাতে নায়িকা দিয়েছেন কড়া হুঁশিয়ারি। মঙ্গলবার (১১ অক্টোবর) নিজের ফেসবুকে পূজা লেখেন, ‘কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই; যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক। ব্যক্তিগতভাবেও এই বিষয়টি আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার।’
পূজা আরও যুক্ত করেছেন, ‘যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন। কোনো রকম সত্য মিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি, দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিয়ে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।’
