চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী সম্প্রতি তাদের পুত্রসন্তান শেহজাদ খান বীরকে প্রকাশ্যে এনে দীর্ঘদিনের গুঞ্জন স্বীকার করে নেন। সন্তানের খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা পরই জানা যায়, অনেক আগেই শাকিব-বুবলীর বিবাহবিচ্ছেদ হয়েছে।
যদিও বিষয়টি নিয়ে তখন তারা মুখ খুলেননি। তাদের নীরবতাই সিনেপাড়ায় ডালপালা মেলতে শুরু করে। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো। ৮ মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। আগামীতে যে কোনো দিন তারা বিষয়টি নিয়ে জনসমক্ষে আসতে পারেন।
শাকিব-বুবলীর ঘনিষ্ঠ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে এক ফেসবুক পোস্টে বুবলি জানিয়েছিলেন, তার সঙ্গে শাকিব খানের বিয়ের তারিখ ছিল ২০১৮ সালের ২০ জুলাই। আর ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়।
জানা গেছে, ২০২১ সাল থেকেই শাকিব খান ও বুবলির মধ্যে বিবাদ শুরু। সে বছর ১৮ ফেব্রুয়ারি ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারও সঙ্গে কথা পর্যন্ত বলেননি। তারপরেও সিনেমার শুটিং করেছেন।
শাকিব খান যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় বুবলি ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গেলে দুজনের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে।
কিন্তু বুবলি বাংলাদেশে ফিরে আসার পর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দূরত্ব বাড়তেই থাকে। এই দূরত্ব-বিবাদের কারণেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
এর আগে, শাকিবের খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদ হয় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি। তাদের ১০ বছরের সংসারে আব্রাম খান জয় নামে এক ছেলে আছে।
