গত সপ্তাহে ছেলে জয় ও ভাই-ভাবিকে নিয়ে কলকাতায় গিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। উদ্দেশ্য পূজা ও মা-বাবার পিণ্ডদান।
বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমীর দিন সকালের দিকে পশ্চিমবঙ্গের মধ্য কলকাতার কাঁকুড়গাছি যুবকবৃন্দ পূজা মণ্ডপে সিঁদুর খেললেন অপু। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অপু। পূজা নিয়ে আলাপচারিতার ফাঁকে শেষে আসে শাকিব-বুবলীর প্রসঙ্গ।
গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে সব চেয়ে আলোচিত বিষয় শাকিব খান এবং শবনম বুবলির প্রেম, বিয়ে সন্তান ইস্যু। এই সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন চলছে। এমন অবস্থায় অপু কি ভাবছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো ব্যক্তিগত বিষয় এগুলো স্কিপ করি, ভালো লাগবে।’
আবারও তাকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে কিছুটা বিরক্ত হয়ে তিনি বলেন, ‘এই প্রশ্ন কেন হচ্ছে? আমরা সুন্দর একটা জায়গায় আছি। আজ মায়ের একটা বিশেষ দিন। আমি মনে করি উৎসব সবার ধর্ম যার যার। উৎসবের আনন্দটা আমরা সবার মাঝে ছড়িয়ে দিই। আনন্দ বয়ে আনুক সবার জীবনে- এটাই আমাদের চাওয়া পাওয়া।’
সাংবাদিকদের সঙ্গে পূজা তার ক্যারিয়ারের ব্যস্ততা নিয়েও কথা বলেন। তিনি বলেন, এই বছরের ফেব্রুয়ারিতে আমার শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ রিলিজ হয়েছে, গত মাসে আমার তিনটা সিনেমা রিলিজ হয়েছে তার মধ্যে একটা কলকাতার ছবিও আছে। এই মাসেই আর একটা সিনেমা রিলিজ হবার কথা রয়েছে। কোভিডের পর আমরা আবার কাজে ফিরছি এখন ব্যস্ততা বাড়ছে।
