ঢাকা: যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে টানা ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী চার্টার্ড ফ্লাইট ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে ফ্লাইটটি ওয়াশিংটন ডিসি থেকে স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় উড্ডয়ন করে। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত।
প্রধানমন্ত্রী ওয়াশিংটন থেকে দেশে ফেরার পথে লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন।
এর আগে রাষ্ট্রীয় সফরে গত ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় এবং রাজা তৃতীয় চার্লস আয়োজিত সিংহাসনে আরোহণ অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরপর নিউইয়র্কের উদ্দেশে ১৯ সেপ্টেম্বর লন্ডন ত্যাগ করেন।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শেখ হাসিনা গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭ তম অধিবেশনে ভাষণ দেন এবং এর ফাঁকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় সড়কপথে নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে যান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
