আমি যদি মিথ্যা বলি, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে: পূজা চেরি

শোবিজ অঙ্গনের গুঞ্জন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন হালের জনপ্রিয় নায়িকা পূজা চেরি।

গত বছর সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে জুটি বেঁধে সখ্য তৈরি হয় পূজার।

নানা মাধ্যমে জোর গুঞ্জন, পূজাকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরেই শাকিব ও বুবলীর মধ্যে ঝামেলা চলছিল। শুধু তাই নয়, শাকিবের বাসাতেও পূজার সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন বুবলী। সেই ঘটনার পর থেকে শাকিব-বুবলীর সম্পর্কের আরও অবনতি ঘটে। তবে এসব গুঞ্জনের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

অবশেষে এই বিষয় নিয়ে দেশীয় এক গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন পূজা। বলেছেন তিনি নিজেও শুনেছেন এ কথা। পূজা বলেন, এসব চরম মিথ্যা কথা। এগুলোর কোনো ভিত্তি নেই, প্রমাণ নেই।

এ নায়িকা বলেন, ‘আমিও এটি শুনেছি। শুনে অবাক হয়েছি। কোথা থেকে এ খবর বেরোল! চরম মিথ্যা কথা। আমার সঙ্গে বুবলী আপার দুদিন দুটি অ্যাওয়ার্ড শোতে দেখা হয়েছিল। কথা হয়েছিল একটা শোতে। জাস্ট হাই, হ্যালো হয়েছে— এতটুকুই। যারা এসব কথা বলছেন, তারা প্রমাণ দিক যে আমরা শাকিব খানের বাসায় মারামারি করেছি। এ রকম কোনো মারামারি, গ্যাঞ্জাম হয়নি। আমি যদি মিথ্যা বলি, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। ব্যাপারটা এত বাজেভাবে ছড়াচ্ছে, আর মানুষ এটি বিশ্বাস করছেন।’

শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনের বিষয়ে পূজা বলেন, এ পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছি, সব নায়কের সঙ্গেই আমার প্রেমের কথা উঠেছে। কিন্তু কেউ প্রমাণ দিতে পেরেছেন? আমি যে শাকিব খানের সঙ্গে প্রেম করছি, কেউ কি দেখেছেন? কেউ কি দেখেছেন, আমি ও শাকিব খান একসঙ্গে কোনো রেস্তোরাঁয় বসে খাচ্ছি বা হাত ধরে আমরা হাঁটছি? কিছুটা প্রমাণ তো থাকতে হবে।

বাস্তবে প্রেম না থাকলেও চরিত্রের খাতিরে তাদের মধ্যে প্রেম ছিল। এমনটাই জানান পূজা। তিনি বলেন, তবে মিথ্যা বলব না, প্রেম তার সঙ্গে করেছি; সেটা চরিত্রের জন্য, সিনেমার জন্য। আমি এর আগে সিয়ামের সঙ্গে, আদ্রিতের সঙ্গে রোমান্টিক দৃশ্য করেছি, প্রেমের গুজব উঠেছে। এবার শাকিব খানের সঙ্গে পর্দায় প্রেম করলাম, মানুষ বাস্তবে প্রেম বলছেন। এটা কেমন না? এখন আর কী করব, এসব শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। দেখছি, মানুষ আর কত কী বলতে পারে। খারাপ লাগছে, যেটি না (করেছি), তার দায়ভার, দোষ নিজের ঘাড়ে নিতে হচ্ছে। তবে আগ বাড়িয়ে আমি কিছুই বলব না। বললে তার মধ্যেও রটনাকারীরা আবার গন্ধ খুঁজবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *