টক অব দ্য টাউনে শাকিব-বুবলী। সন্তান শেহজাদ খান বীরকে গত শুক্রবার প্রকাশ্যে এনেছেন শাকিব খান ও বুবলী। তবে নিজেদের বিয়ের বিষয়টি প্রকাশ করেননি তারা। এ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই।
শুধু যে আলোচনা শাকিব-বুবলীর মধ্যে আটকে আছে, তা কিন্তু নয়। বরং এরসঙ্গে নানাভাবে উঠে আসছে ঢালিউডের আরেক নায়িকা পূজা চেরীর নামও। কারণ, বাতাসে ভাসছে ‘গলুই’ সূত্র ধরে প্রেমময় সম্পর্কের পাল তুলেছেন শাকিব-পূজা। এ ব্যাপারে এতো দিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন পূজা চেরি।
শাকিবের সঙ্গে প্রেমের বিষয়ে সোমবার (৩ অক্টোবর) একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, মিথ্যা বলব না, প্রেম তার (শাকিব) সঙ্গে করেছি; সেটা চরিত্রের জন্য, সিনেমার জন্য।
তিনি বলেন, এ পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছি, সব নায়কের সঙ্গেই আমার প্রেমের কথা উঠেছে। কিন্তু কেউ প্রমাণ দিতে পেরেছেন? আমি যে শাকিব খানের সঙ্গে প্রেম করছি, কেউ কি দেখেছেন? কেউ কি দেখেছেন, আমি ও শাকিব খান একসঙ্গে কোনো রেস্তোরাঁয় বসে খাচ্ছি বা হাত ধরে আমরা হাঁটছি? কিছুটা প্রমাণ তো থাকতে হবে।
পূজা বলেন, আমি এর আগে সিয়ামের সঙ্গে, আদ্রিতের সঙ্গে রোমান্টিক দৃশ্য করেছি, প্রেমের গুজব উঠেছে। এবার শাকিব খানের সঙ্গে পর্দায় প্রেম করলাম, মানুষ বাস্তবে প্রেম বলছেন। এটা কেমন না? এখন আর কী করব, এসব শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। দেখছি, মানুষ আর কত কী বলতে পারে। খারাপ লাগছে, যেটি না (করেছি), তার দায়ভার, দোষ নিজের ঘাড়ে নিতে হচ্ছে। তবে আগ বাড়িয়ে আমি কিছুই বলব না। বললে তার মধ্যেও রটনাকারীরা আবার গন্ধ খুঁজবে।
কিন্তু অপু বিশ্বাস, বুবলীও তো শুরুতে এভাবে অস্বীকার করেছিলেন। এমন প্রশ্নেরও উত্তর দিলেন পূজা চেরি। তিনি বলেন, তাঁদের মতো তো আমি নায়িকা হয়ে প্রথম শাকিব খানের সঙ্গে কাজ করিনি। অন্য হিরোর সঙ্গে কাজ করেই কিন্তু আমি শাকিব খানের সঙ্গে কাজ করেছি। এর আগে শুনেছি, সিয়ামের সঙ্গে নাকি আমার প্রেম। এমনও শুনেছি, সিয়ামের বিয়ের সময় নাকি আমি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছি। কিন্তু বিষয়টি কি সত্যি হয়েছে? এমন তো না আমি অনেক কাজ করে ফেলেছি, আমার ক্যারিয়ার এখন নেই। তাই প্রেম, বিয়েশাদি করে চলে যাব। এখন আমার ক্যারিয়ার শুরু।
শোনা যায়, শাকিব খানের বাসায় বুবলীর সঙ্গে পূজার হাতাহাতি হয়েছে। বিষয়টি নিয়েও কথা বলেছেন হালের আলোচিত এই নায়িকা।
তিনি বলেন, আমিও এটি শুনেছি। শুনে অবাক হয়েছি। এটা কীভাবে কী হলো, কোথা থেকে এই খবর বেরোল, আমি জানি না। চরম মিথ্যা কথা। আমার সঙ্গে বুবলী আপার দুই দিন দুটি অ্যাওয়ার্ড শোতে দেখা হয়েছিল। কথা হয়েছিল একটা শোতে। জাস্ট হাই–হ্যালো হয়েছে, এতটুকুই। যাঁরা এসব কথা বলছেন, তাঁরা প্রমাণ দিক যে আমরা শাকিব খানের বাসায় মারামারি করেছি। এ রকম কোনো মারামারি, গ্যাঞ্জাম হয়নি। আমি যদি মিথ্যা বলি, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। ব্যাপারটা এত বাজেভাবে ছড়াচ্ছে, আর মানুষ এটা বিশ্বাস করছেন।
