৩ বছর আগে নারায়ণগঞ্জে বিয়ে হয় শাকিব-বুবলীর

বেবি বাম্পের ছবি প্রকাশের পর থেকেই তুমুল আলোচনায় ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছিল- কবে মা হলেন বুবলী? কে তার সন্তানের বাবা? এমন অনেক প্রশ্ন।

অবশেষে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শাকিব খান ও বুবলী সন্তানের সঙ্গে নিজেদের ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে নিজেদেরকে সন্তানের বাবা-মা বলে উল্লেখ করেন তারা।

তবে এতেই সব জল্পনার অবসান ঘটেনি। ভক্তদের কৌতুহল এখন শাকিব-বুবলীর বিয়ে নিয়ে। ঠিক কবে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা? এ ব্যাপারে সঠিক কোনো তথ্য দিতে পারেননি শাকিব-বুবলীর ঘনিষ্ঠরাও।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকাই সিনেমার জনপ্রিয় এ জুটির ঘনিষ্ঠজনরা জানান, সন্তানের খবর প্রকাশ্যে আসলেও শাকিব-বুবলী কবে বিয়ে করেছেন, তা তারাও জানেন না।

তাদের ধারণা, ২০১৯ সালের শুরুর দিকে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে শাকিব-বুবলী ঘরোয়াভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। কিছুদিন তাদের সম্পর্ক ভালো চললেও দীর্ঘদিন ধরেই তারা আলাদা থাকছিলেন। যোগাযোগও কম ছিল তাদের মধ্যে।

এদিকে, সন্তান ও বিয়ের খবর প্রকাশ্যে আসার পরপরই শাকিব-বুবলীর বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে তা একেবারেই সত্য নয় বলে দাবি করেছেন বুবলীর পারিবারিক সূত্র।

সূত্রটি জানিয়েছে, শাকিব খান ও শবনম বুবলীর বিচ্ছেদ হয়নি, এটা শতভাগ নিশ্চিত। তারা এখনো স্বামী-স্ত্রী। বিচ্ছেদ হওয়ার পর কেউ সন্তানের নাম ও ছবি এভাবে প্রকাশ্যে আনে না। তারা সন্তান নিয়ে ভালো আছেন।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে ২০২০ সালের ২১ মার্চ শাকিবের ঔরসজাত সন্তানের জন্ম দেন বুবলী।

এ দুই তারকার প্রেমের গুঞ্জন চলছিল অনেক দিন থেকেই। দুই বছর আগে কয়েক মাস বুবলী যুক্তরাষ্ট্রে ছিলেন। তখনও নানান গল্প ডালপালা মেলে চলচ্চিত্রাঙ্গনে। এরপর গত মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে শুটিং চলার মধ্যে নিজের বেবি বাম্পের ছবি ফেইসবুকে প্রকাশ করে নতুন করে গুঞ্জন উসকে দেন এ চিত্রনায়িকা। আর শুক্রবার ছেলের নাম জানিয়ে একই সময়ে একই ধরনের পোস্টে তা বাস্তবতা পেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *