ঢালিউডের সাবেক দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন মঙ্গলবার। বয়স ৬ পেরিয়ে ৭-এ বছরে পা রেখেছে সে।
বিশেষ এ দিনে ছেলে জয়কে লাল রঙের সাইকেল কিনে দিয়েছেন শাকিব খান। আব্রাম যখন সাইকেলে চড়ে বসলেন, তখন উচ্ছ্বসিত বাবা ছবি তুলে নিলেন। ওই ছবি পোস্ট করেই শাকিব লিখেছেন কিছু আবেগঘন কথা।
মঙ্গলবার দুপুরে ফেসবুকে শাকিব খান লিখেছেন, ‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখল। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছো। হয়তো একটা সময় গিয়ে বুঝবে- তোমার বাবা আছে বলেই জীবন এত সুন্দর। বাবারা কখনো শো অফ করে না, তারা দেখিয়ে দেয়!’
ছেলেকে রাজকুমার আখ্যা দিয়ে শাকিব খান লিখেছেন, ‘তোমার (জয়) প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারাজীবন থাকবে। শুভ জন্মদিন রাজকুমার।’
২০০৮ সালে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ নয় বছর সে খবর গোপন রাখেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের। গোপন রাখা হয় এ খবরও। অবশেষে ২০১৭ সালের ১০ এপ্রিল ছেলে জয়কে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে সবকিছু প্রকাশ করেন অপু বিশ্বাস।
ওই ঘটনার কিছুদিন পরই বিচ্ছেদের আবেদন করেন শাকিব। সেটা কার্যকর হয় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি।
