হাতভরা উপহার নিয়ে পরীমণির ছেলেকে দেখতে গেলেন অপু বিশ্বাস

গত ১০ আগস্ট বুধবার পুত্রসন্তানের জন্ম দেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। পরীমনি-শরীফুল রাজ দম্পতির ছেলে রাজ্যর বয়স দেড় মাসে পড়ল।

সম্প্রতি রাজ্যকে দেখতে এসেছিলেন আরেক জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক ফ্যানপেজে জানালেন সেই খবর। শেয়ার করলেন অনেক ছবি।

পরীমনি তাদের ৭টি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, এই মানুষটা (অপু বিশ্বাস) একটা ভালোবাসা। আমার ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গেছিলো হসপিটালে। সেদিন আবার নিজের হাতে এত্তসব মজার নিরামিষ করে নিয়ে এলো। রাজ্যের জন্যে দুই হাত ভরে কত গিফ্ট! তুমি একটা মায়া কিন্তু। (ইমোজি)। ভালোবাসি অপুদি। (ভালোবাসার ইমোজি)। তোমার লাল শাড়ির জন্যে অনেক শুভ কামনা।

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।

নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের রোমান্টিক এই দম্পতি। সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করে ফেলেছেন। তারকা দম্পতির সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনরা আগেই অনুমান করেছিল, ছেলের মা হচ্ছেন পরী। অবশেষে সেটিই সত্যি হয়েছে। রাজ-পরীর ঘরে রাজ্যই এসেছে।

বর্তমানে রাজ্যকে নিয়েই পরীর যত ব্যস্ততা। রাজ্যের সঙ্গেই যেন পরী তাঁর জীবনের শিডিউল মিলিয়ে নিয়েছেন। বললেন, ‘একটি টেবিলঘড়ি সামনে রেখেছি। বাবু যখন ঘুমায়, আমিও তখন ঘুমাই। বাবু যখন জাগে, আমিও জাগি। কখন ভোর ছয়টা, কখন সন্ধ্যা ছয়টা, কিছুই বুঝে উঠতে পারি না। ২৪ ঘণ্টাই তার সঙ্গে সময় কাটে আমার। সবার দোয়ায় খুব সুন্দর, সুস্থতার মধ্য দিয়েই আমার সন্তান বেড়ে উঠছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *