নাটোর: নাটোরের লালপুরে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে কাটা পড়ে এক বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. জিয়াউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে আব্দুলপুর রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকার অ্যাডভোকেট ইসাহাক আলীর ছেলে ইমতিয়াজ। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
আব্দুলপুর স্টেশন মাস্টার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি লালপুরের আব্দুলপুর জংশন স্টেশনে সকাল ৭টা ৫০ মিনিটের দিকে এসে থামে। এ সময় ইমতিয়াজ ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামেন। পরে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করলে ইমতিয়াজ চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এসময় তার বাবা অ্যাডভোকেট ইসাহাক আলীও ট্রেনে ছিলেন। ছেলের আকস্মিক মৃত্যুতে বাকরূদ্ধ হয়ে পড়েন তিনি।
আবদুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার শেখ জিয়াউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা রেল লাইনের ওপর থেকে মৃতদেহটি সরিয়ে রেখেছে। ঘটনাটি ঈশ্বরদী রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।
