ফিফা র্যাংকিংয়েও বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে নেপাল। দুই দলের অতীত পরিসংখ্যানও নেপালের পক্ষেই পালে হাওয়া দিচ্ছিল। কিন্তু মাঠের লড়াইয়ে বাজিমাত করলো বাংলাদেশই। হিসাবের গণেশ উল্টে দিয়ে হিমালয় জয় করলো সাবিনা খাতুনের দল।
স্বাগতিকদের স্রেফ উড়িয়ে দিলো ৩-১ গোলে। এমন জয়ে বহুদিন পর উল্লাসের উপলক্ষ সামনে এলো দেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর সামনে।
বাংলাদেশের নারী দলের এই ইতিহাসে উচ্ছ্বসিত সবাই। কৃষ্ণা রানী, সাবিনা খাতুনরা ও শামসুন্নাহারদের শুভেচ্ছা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। এবার তাদের সবাইকে এক খণ্ড করে জমি বা একটি করে ফ্ল্যাট দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানালেন চিত্রনায়ক ওমর সানী।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে ওমর সানী লিখেছেন, “অভিনন্দন দেবার আগে একটা কথা না বললেই নয়। মাননীয় প্রধানমন্ত্রী আমার এই পোস্টটা দেখবেন কিনা আমি ঠিক বলতে পারি না, আবেদন করতে পারি।”
“ফুটবলে যৌলসের সাক্ষী হচ্ছি আমি। আমাদের ফুটবলে কি শক্তি ছিল (ছেলেদের) এখন সেটা মৃতপ্রায়। সেই ক্ষেত্রে মেয়েরা আমাদের মুখ উজ্জ্বল করেছে, তার জন্য এই মেয়েদের বেঁচে থাকার জন্য পরিবার নিয়ে এক খণ্ড জমি কিংবা ফ্লাট দিলে খুব ভালো হয়। আগামী প্রজন্ম উৎসাহী হয়ে ফুটবলে এগিয়ে আসবে।”
এই চিত্রনায়ক আরও লিখেছেন, “সমাজে কত বাটপাররা চোখের সামনে অবৈধভাবে গাড়ি-বাড়ি ও পাহাড় সমান সম্পদ করেছেন। সেই জায়গায় এতটুকু আবদার আপনি রাখতেই পারেন। প্রধানমন্ত্রী, আমাদের ফুটবল ফেডারেশন এসি রুমের মাদবরি থেকে বেরিয়ে আসবেন এবং দেশকে ভালোবাসবো আমরা। ধন্যবাদ অভিনন্দন নারী ফুটবল টিমকে। ফুটবলের আরও কথা বলব, আরেকদিন।”
