একের ভিতর অনেক গুণের সমাহার যেন জাহারা মিতু। একাধারে মডেল, উপস্থাপক ও অভিনেত্রী তিনি। এবার আত্মপ্রকাশ করলেন গীতিকার হিসেবে। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। নির্মিতব্য ‘শত্রু’ সিনেমায় ব্যবহৃত হয়েছে গানটি।
গানটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। এতে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার কণ্ঠশিল্পী অঙ্কিতা।
গান লেখা বিষয়ে অভিনেত্রী মিতু বলেন, আমি একটা “পাখি পাখি” নামে গান লিখেছিলাম। সেটা “শত্রু” সিনেমার পরিচালক সুমন ধর দেখে খুব পছন্দ করেছেন। তার আগ্রহেই গানটা সিনেমায় যাচ্ছে। আশা করছি এটা সবার ভালো লাগবে।
মিতু জানান, সোমবার সারাদিন এফডিসিতে গানটির শুটিং হয়েছে।
‘শত্রু’ ছবিতে প্রিয়ন্তী চরিত্রে অভিনয়ও করবেন মিতু। যেখানে তাকে দেখা যাবে একজন বখাটে, নেশাগ্রস্ত মেয়ের চরিত্রে।
ছবিতে মিতুর নায়ক বাপ্পী চৌধুরী। তার চরিত্রের নাম দুর্জয়। পুলিশের সাব ইন্সপেক্টর। নির্মাতা সুমন ধরের অ্যাকশন থ্রিলার ছবিটিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেতা মিশা সওদাগরকে।
