দীর্ঘ ৯ মাস পর গত ১৭ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেন দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। শোনা যাচ্ছে, আগামী মাসে ফের জো বাইডেনের দেশে যাচ্ছেন শাকিব খান।
জানা গেছে, বরাবরের মতো এবারো নিউ ইয়র্কে বসবে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের আসর। আগামী ১৬ অক্টোবর শোটাইম মিউজিক এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছে। আর তাতে যোগ দিতেই শাকিব খানের এই সফর!
ফেসবুক পোস্টে এসব তথ্য নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার আলমগীর খান আলম।
তিনি বলেন— ‘নিউ ইয়র্কের আমাজুরা কনসার্ট হলে আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। এতে যোগ দেবেন শাকিব খান।’
তবে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত করেননি শাকিব।
শাকিব খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গলুই’। গত ঈদুল ফিতরে মুক্তি পায় এটি। এরপর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে ‘রাজকুমার’ নামে একটি সিনেমার ঘোষণা ও মহরত করেছেন। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে।
