টেলিভিশন মিডিয়ার সাড়া জাগানো মডেল-অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। নাটক ও বিজ্ঞাপনে ব্যাপক চাহিদাসম্পন্ন ছিলেন তিনি। ‘রং নাম্বার’সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রেও করেছিলেন বাজিমাৎ।
ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নেন তিনি। বর্তমানে দুই মেয়ে রাবিয়া আলম ও আরিশা আলমকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন জনপ্রিয় এই পর্দা মুখ।
সংসার নিয়ে ব্যস্ত থাকার কারণে শারীরিক ফিটনেসে মনোযোগ দিতে পারেননি। ফলে তার ওজন বেড়ে ১১০ কেজি হয়েছিল। কিন্তু ওজন কমিয়ে আগের অবস্থায় ফিরেছেন এই অভিনেত্রী।
কয়েক দিন আগে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শ্রাবন্তী। যাতে নিজের দুই সময়ের দুটি ছবি দিয়েছেন। একটি ছবি তার ওজন বেড়ে যাওয়ার পর এবং অন্যটি ওজন কমানোর পরের। হুট করে শ্রাবন্তীর এমন পরিবর্তন দেখে, জল্পনা তৈরি হয়েছে অভিনয় ফিরবেন শ্রাবন্তী!
এসব জল্পনার অবসান ঘটিয়ে ছবি দুটির ক্যাপশনে শ্রাবন্তী লেখেন— ‘আগে ওজন ছিল ১১০ কেজি। এখন ৬৭ কেজি। কিছু কিছু আপা আর ভাইয়াদের ধারণা, আমি আবার নতুন করে অভিনয় শুরু করতে যাচ্ছি। দুঃখিত, সেটা সত্যি নয়। তাই শান্ত হোন। আলহামদুলিল্লাহ, আমি আমার দুই মেয়েকে নিয়ে ভালো আছি। আমার জন্য দোয়া করবেন।’
অভিনয় ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় সংগীতশিল্পী পার্থ বড়ুয়ার সঙ্গে ঘর বাঁধেন শ্রাবন্তী। কিন্তু এ সংসার বেশি দিন টেকেনি। অনেক দিন একা থাকার পর ফের বিয়ে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক খোরশেদ আলমকে। এ সংসার আলো করে জন্ম নেয় দুই কন্যা। দ্বিতীয় সংসার ভেঙে গেলেও সিঙ্গেল মাদার হিসেবে মেয়েদের বড় করছেন এই অভিনেত্রী।





