বহুল প্রতিক্ষীত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। এলিট ফোর্স ব্যাটালিয়ন র্যাবের সুন্দরবনে দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়ে সিনেমাটি। এটি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন সিনেমাপ্রেমীরা। সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ২৩ সেপ্টেম্বর। সিনেমায় র্যাবের মেজর সায়েম চরিত্রে অভিনয় করেছেন নায়ক সিয়াম।
সিনেমাটির সঙ্গে প্রায় ৩ বছর ধরে জড়িত তিনি। পুরো টিমের সঙ্গে এতোটাই মিশে গেছেন যে, র্যাবের মেজর চরিত্রের ঘোর যেন সিয়ামের কাটছে না! এ কারণে রাস্তা ঘাঁটে র্যাবের গাড়ি দেখলে সিয়ামের মনে হয়, এটি যেন তার নিজের ইউনিটের গাড়ি!
বৃহস্পতিবার বিকেলে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার পোস্টার উন্মোচনে উপস্থিত থেকে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিয়াম বলেন, ‘কদিন দিন আগে আমি আর নুসরাত এই সিনেমার শেষ গানের শুট করতে গিয়েছি। যে মুহূর্তে দৃশ্যটি শেষ হলো, আমি আর নুসরাত একে অপরের দিকে তাকিয়ে দুজনেই প্রায় একসঙ্গে বলে ফেললাম, শেষ! শেষ হয়ে গেল আমাদের এই জার্নি?’ ব্যক্তিগতভাবে আমি এতটাই মিশে গেছি যে রাস্তায় র্যাবের গাড়ি দেখলেই মনে হয় আমার ইউনিটের গাড়ি।’
সিয়াম বলেন, ‘অপারেশন সুন্দরবন’-এ অনেকে বলার চেষ্টা করছেন, এটি র্যাবের ডকুমেন্টারি হবে কিনা! এমন প্রশ্ন বা দ্বিধা যারা প্রকাশ করেছেন তাদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই, এটা আপনাদের মনের মতো সিনেমাই হয়েছে। যখন থেকে স্ক্রিপ্ট পেয়েছি তখন থেকে আমরা সবাই মিলে একটা পূর্ণাঙ্গ সিনেমা বানাতে চেয়েছি। এখানে রিয়েলিটির ছোঁয়া আছে, আবার ফিল্মিক বিষয়টাও রয়েছে। সিনেমাটি বানানোর ক্ষেত্রে আমরা কোনও দ্বিধা করিনি। আপনারা সবাই পরিবার নিয়ে ছবিটি দেখতে পারবেন।
নুসরাত ফারিয়া বলেন, ‘সিনেমাটি জীবনের একটি অংশ হয়ে গেছে। এটা অন্তরের অনেক কাছের একটি কাজ। এই সিনেমা করতে গিয়ে টানা ৩৫ দিন বাবা-মায়ের সঙ্গে কথা বলেননি! পুরো সময় নেটওয়ার্কের বাইরে ছিলাম। আজ আমি অনেক ইমোশনাল। সবচেয়ে বড় কথা, এত বড় একটি সিনেমার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এই ছবিটির শুরু থেকে এ পর্যন্ত র্যাব যে পরিমাণ অ্যাফোর্ট দিচ্ছে, সেটা অবিশ্বাস্য। আশা করি আপনার অপারেশন সুন্দরবনের কাছে থাকবেন।’
