টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র প্রায়ই কারণে-অকারণে বেফাঁস মন্তব্য করেন। এ কারণে মাঝে মাঝেই সংবাদের শিরোনামে উঠে আসেন টালিউডের এই ‘ড্রামা কুইন’। তবে এবার অদ্ভুত এক কাণ্ড করেছেন তিনি।
সাধারণত উৎসব-আয়োজনের আগে সবাই শপিং করে ঘরভর্তি করেন। কিন্তু শ্রীলেখা করলেন উল্টো কাজ। তার ঘরের আলমারি ফাঁকা। সব জামাকাপড় বিছানার উপর জড়ো করেছেন তিনি।
শ্রীলেখা জানিয়েছেন সারমেয় সন্তানদের জন্য একটি ফান্ড তৈরি করতে চান। এ কারণে জামাকাপড় নিলামে বিক্রি করতে চান। এ বিষয়ে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দেন টালি অভিনেত্রী।
সেখানে লিখেছেন, ‘অনেক ভেবে দেখলাম, এত জামাকাপড় আমার আর প্রয়োজন নেই। কিছু-কিছু নিলাম করব, কেমন হবে? একবার পরা, একবারও না পরা অনেক পোশাক, শাড়ি আছে আমার। যেই টাকা উঠবে, সেটা দিয়ে চারপেয়ে বাচ্চাগুলোর জন্য একটা ফান্ড তৈরি করব। ভাবনাটা ঠিক ভাবলাম কি? জানিও।’
শ্রীলেখার এই পোস্টে নেটিজেনরা সাধুবাদ জানিয়েছেন। লাইক, কমেন্ট দিয়ে তা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘খুব ভালো উদ্যোগ দিদি। কখনও এরকম উদ্যোগে আমিও সামিল হতে পারলে ভালো লাগবে।’ অনেকেই লিখেছেন, ‘সাধুবাদ জানাই।’
পশুদের প্রতি শ্রীলেখার অগাধ প্রেম রয়েছে। তার এই মহৎ গুণের কথা কারও অজানা নয়। মাঝে মাঝেই নেট দুনিয়ায় নিজের পোষা কুকুরের ছবি প্রকাশ করেন তিনি। এর বাইরে রাস্তার বেওয়ারিশ কুকুরের খাওয়ার বন্দোবস্তও করেন এই অভিনেত্রী।
