বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। বরেণ্য এই অভিনেতা প্রয়াত হয়েছেন ২০১৭ সালের ২১ আগস্ট। আজ তার পঞ্চম মৃত্যুবার্ষিকী। আর এই দিনে নায়করাজকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
রোববার (২১ আগস্ট) শাকিব খান তার অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেন নায়করাজ স্মরণে। সেখানে রাজ্জাকের একটি ছবি দেখা যাচ্ছে।
ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘চোখের সামনে না থাকলেও আপনার অদৃশ্য স্নেহ সবসময়ই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে! যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে ততদিনই নায়করাজ রাজ্জাক আমাদের সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন। আপনার আত্মার শান্তি কামনা করি। শান্তিতে থাকুন আমাদের নায়করাজ।’
উল্লেখ্য, ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের দক্ষিণ কলকাতায় জন্মগ্রহণ করেন রাজ্জাক। কিশোর বয়স থেকেই মঞ্চনাটকে জড়িয়ে পড়েন। ১৯৬৪ সালে হিন্দু-মুসলিম দাঙ্গার সময় তিনি পরিবার নিয়ে ঢাকা চলে আসেন। ঢাকা এসে রাজ্জাক চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।
তিনি সফল অভিনেতা, প্রযোজক ও পরিচালক। ১৯৭৭ সালে ‘অনন্ত প্রেম’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। রাজ্জাক প্রায় ১৬টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। বাংলা ও উর্দু মিলিয়ে প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেরা অভিনেতা হিসেবে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৪ সালে ‘কার্তুজ’ সিনেমায় তাকে শেষবার দেখা যায়।
