Home জাতীয় পররাষ্ট্রমন্ত্রী আ.লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নয়: তথ্যমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী আ.লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নয়: তথ্যমন্ত্রী

0
111

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দলীয় সংসদ সদস্য হলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নয়।

রোববার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আগের দিন শনিবার ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বরে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ নন এবং তার বক্তব্যের দায়ভার দল নেবে না। ভারত নিয়ে মোমেনের বক্তব্য আওয়ামী লীগের দলীয় বক্তব্যও নয়। কোনো দেশের সমর্থনে আওয়ামী লীগের ক্ষমতায় আসা নির্ভর করে না।’

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য অবশ্যই। কিন্তু দলের কেন্দ্রীয় কমিটির তো কেউ নন। যেহেতু কেন্দ্রীয় কমিটির কেউ নন, দলের পক্ষে বিদেশে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কেউ নন, সেটা তিনি (আব্দুর রহমান) সঠিক বলেছেন।’

‘দলীয় সংসদ সদস্য হলেও উনি (মোমেন) যেহেতু আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন সুতরাং আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কিছু বলা, সে দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগ কাউকে দেয়নি, তাকে (মোমেন) দেয়নি’—যোগ করেন তথ্যমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন গত বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে বলেন, তিনি ভারতে গিয়ে বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে ‘যা যা করা দরকার’ তা-ই করার অনুরোধ করেছেন।

পরদিন শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘আমি বলেছি, আমরা চাই শেখ হাসিনার স্থিতিশীলতা থাকুক। এই ব্যাপারে আপনারা (ভারত) সাহায্য করলে আমরা খুব খুশি হব।’

পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যে দেশের রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন দলের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

একাধিক মন্ত্রীর নানা ধরনের বক্তব্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আমি মনে করি, দায়িত্বপূর্ণ পদে থাকলে দায়িত্বশীলভাবে কথা বলা দরকার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here