জয় থাকবে শাকিব খানের সঙ্গে

ঢালিউডের অসংখ্য ছবির হিট জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ভালোবেসে তারা বিয়ে করেছিলেন। সেই সংসার টেকেনি। তবে দুজনের প্রেম-ভালোবাসার স্মৃতি হয়ে আছে একমাত্র পুত্র আব্রাম খান জয়।

জয় মায়ের সঙ্গে সব সময় থাকলেও মাঝেমধ্যে বাবার সান্নিধ্য পেতে শাকিব খানের সঙ্গে থাকতো। তবে সামনের ক’টা দিন জয় বাবার সঙ্গে থাকবে বলে জানা গেছে।

দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন শাকিব খান। স্বাভাবিক কারণে বাবা-ছেলের দেখা হয়নি। শাকিব দেশে ফিরেই ছেলেকে নিজের কাছে রাখার ইচ্ছে প্রকাশ করেছেন। ফলে কয়েকদিন শাকিব খানের সঙ্গেই থাকবে আব্রাম খান জয়।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন অপু বিশ্বাস। জানা গেছে, আজ বুধবার কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন অপু বিশ্বাস। তবে জয় ঢাকাতেই রয়ে গেছে।

অপু বিশ্বাস বলেন, ‘কয়েকদিনের জন্য কলকাতা যাচ্ছি ‘‘আজকের শর্টকাট’’ সিনেমার প্রচারে অংশ নিতে। জয় দীর্ঘদিন তার বাবার সঙ্গে দেখা করার সুযোগ পায়নি। শাকিব ঢাকায় এসেই জয়কে নিয়ে যাবে। কয়েকদিন বাবার সঙ্গেই থাকবে জয়।’

শাকিব খানের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘চলচ্চিত্রের জন্য এটা খুবই ভালো খবর।’

শাকিব খানের সঙ্গে আপনার দেখা হওয়ার সম্ভাবনা আছে কি? এমন প্রশ্নের উত্তর এই চিত্রনায়িকা মুচকি হেসে এড়িয়ে যান।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয় জন্মগ্রহণ করে। এর আগে ২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় নিজের সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব।

প্রায় ১০ বছর পর, সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে নিয়ে আসেন অপু। এসব কারণে ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব তালাকের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয়। শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর থেকে জয় মায়ের সঙ্গে বসবাস করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *