পুত্রসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। গত বুধবার (১০ আগস্ট) বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন তিনি। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।
চিকিৎসকের পরামর্শে টানা ৫ দিন হাসপাতালে থেকে অবশেষে বাসায় ফিরেছেন পরীমণি ও তার সন্তান। জানা যায়, সোমবার (১৫ আগস্ট) বিকেলে তাদের বাসায় আনা হয়েছে। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ ও ভালো আছে।
চিকিৎসকের পরামর্শে মাঝেমধ্যে হাসপাতালে গিয়ে রুটিন চেকআপ করতে হবে। তবে বাসায় আপাতত বিশ্রামে থাকা লাগবে পরীমণির।
সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন পরীমণির স্বামী চিত্রনায়ক শরীফুল রাজ। এসময় তিনি জানান, বাসায় সারা দিন ছেলের সঙ্গেই সময় কাটায় পরীমনি।
রাজ বলেন, ‘বিছানায় শুয়ে ছেলের সঙ্গে সারাক্ষণ খেলে পরী। মাঝেমধ্যে ছেলেকে রাজ্য রাজ্য বলে ডাকতে থাকে। ছেলে পরীর দিকে একটু তাকালেই পরীর যেন মাথা খারাপ হয়ে যায়। সে যে কী খুশি হয়, চিৎকার দিয়ে ওঠে। এই দৃশ্য না দেখলে কাউকে বোঝানো যাবে না। তা ছাড়া সন্তান জন্ম দেওয়ার পর মায়ের এক্সসাইটমেন্ট অনেক বেশি থাকে, সেটি পরীকে দেখে বুঝতে পারছি।’
রাজ আরও বলেন, ‘এত খুশি, এত আনন্দে পরীকে আগে কখনো দেখিনি। রাজ্যকে পেয়ে যেন সারা রাজ্যের আনন্দ-খুশি পরীর চোখেমুখে। কারণ, অনেকগুলো মাস তাকে কষ্ট করতে হয়েছে। আমার কাছে মনে হয়, পরী তার জীবনের সেরা সময় পার করছে।’
রাজ্য কার চেহারা পেয়েছে, রাজের নাকি পরীমনির, জানতে চাইলে রাজ মজা করে বললেন, ‘অর্ধেক আমার মতো, অর্ধেক পরীর মতো।’
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরীফুল রাজকে গোপনে বিয়ে করেন আলোচিত-সমালোচিত এই অভিনেত্রী। সেই খবর নায়িকা প্রকাশ করেন চলতি বছরের ১০ জানুয়ারি। সেদিন এক ফেসবুক পোস্টে পরীমনি এও জানান, তিনি রাজের সন্তানের মা হতে চলেছেন। তারপর থেকেই শুরু হয় অপেক্ষা। ১০ আগস্ট শেষ হয় সেই অপেক্ষা।
গত বছরের সেপ্টেম্বরে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ ছবিতে প্রথমবার জুটি বেঁধে কাজ করেন পরীমনি ও শরীফুল রাজ। সেখান থেকেই তারা সম্পর্কে জড়ান বলে পরীমনি জানান।
নায়িকা এও জানান, মাত্র এক সপ্তাহের পরিচয়ে তিনি মনে করেন, রাজের সঙ্গে সারাটা জীবন কাটানো যায়। ১৯ অক্টোবর তাদের বিয়ে হয়েছিল রাজদের আফতাবনগরের বাসায়।
