‘শাকিব খানকে দেখে আমার জীবন সার্থক হয়েছে’, কাঁদলেন তরুণী

নয় মাস পর দেশে ফিরলেন শাকিব খান। প্রিয় তারকাকে একটিবার চোখের দেখা দেখতে বিভিন্ন অঞ্চল থেকে বিমানবন্দরে এসে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা।

তবে সবার দেখার চোখ এক ছিল না। কেউ এসেছিলেন ঢালিউড ভাইজানের পা ছুঁয়ে শ্রদ্ধা জানাতে। অনেকে এসেছিলেন তাকে অভ্যর্থনা জানাতে। আবার কেউ এসেছিলেন প্রিয় তারকাকে দেখে একজীবনের সাধ মেটাতে।

শাকিব বিমানবন্দর স্থল ত্যাগ করার পর এমনই এক বোরখা পরিহিত নারী ভক্তের দেখা মেলে। আর দেখার পর নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। কেঁদেই ফেললেন তিনি।

আজ বুধবার (১৭ আগস্ট) দুপুরে বিমানবন্দরের কাজ সেরে বের হয়ে আসার পর শাকিবকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন অপেক্ষারত শত শত ভক্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসেছেন। বোরকা পরিহিত এক তরুণীও এসেছিলেন শাকিবকে দেখতে। ভিড় ঠেলে এক পলকের জন্য প্রিয় নায়কের দেখাও পান।

এরপর আবেগে কেঁদে ফেলেন তিনি। চোখ মুছতে মুছতে কান্নারত কণ্ঠে গণমাধ্যমকে বলেন, ‘ছোটবেলা থেকেই শাকিব খানকে দেখার ইচ্ছে ছিল। আজ দেখলাম। অনেক ভালো লেগেছে। আমার জীবন সার্থক হয়েছে। তিনি ভালো থাকতে বলেছেন।’

এমন অসংখ্য ভক্ত শাকিবকে দেখতে ও বরণ করে নিতে এসেছেন বিমানবন্দরে। প্রিয় নায়কের জন্য বিভিন্ন স্লোগান বেঁধেছেন তারা। এছাড়া ফুল দিয়েও বরণ করে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *