খবরদার আন্দোলনকারীদের যেন গ্রেপ্তার করা না হয়: প্রধানমন্ত্রী

বিএনপিসহ সরকারবিরোধী বেশ কয়েকটি দল যখন আন্দোলনের ডাক দিয়ে রাজপথে কর্মসূচি বাড়াচ্ছে, সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ধরনের গ্রেপ্তার অভিযানে না নামার নির্দেশ দিয়েছেন।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে বিরোধীদের আন্দোলন হতে পারে উল্লেখ করে তিনি এও বলেছেন, সরকার পরিস্থিতি সামাল দিতে পারবে বলে বিশ্বাস তার আছে। বলেছেন, আন্দোলনের নামে বাড়াবাড়ি দেশের ক্ষতির পাশাপাশি মানুষের কষ্ট বাড়াবে।

রবিবার (১৪ আগস্ট) আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের বিরোধীরা একটা সুযোগ পাচ্ছে। তারা আন্দোলন করছে। সেটা করুক আমি তো চাচ্ছি। আমি আজকেও নির্দেশ দিয়েছি, তারা আন্দোলন করছে, করতে দাও। খবরদার কাউকে যেন গ্রেফতার করা না হয়।

বিরোধী দলের আন্দোলনের সফলতা নিয়ে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, আন্দোলন করে তারা কতটুকু সফল হবে, সেটা জানি না। কিন্তু যেটা করছে তাতে দেশের জন্য আরও ক্ষতি হবে। আমরা সেটা সামাল দিতে পারবো, সেই বিশ্বাস আমার আছে।

তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে বিরোধীদের আন্দোলন হতে পারে, কিন্তু এ নিয়ে বাড়াবাড়ি দেশের ক্ষতির পাশাপাশি মানুষের কষ্ট বাড়াবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘অপজিশনসহ নানাজনে নানা কথা বলবে, এর সুযোগ নেওয়ারও চেষ্টা করবে। কিন্তু তারা যদি এসব বেশি করতে যায়, তাহলে এর প্রভাবে তো মানুষের কষ্ট আরও বাড়বে। এটাও তাদের বোঝা উচিত।’

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার সঙ্গে সঙ্গে দেশেও সমন্বয় করা হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন শুরু হলে বিদ্যুতের এই সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের কষ্ট যে হচ্ছে সেটা তাঁর সরকার উপলব্ধি করতে পারছে বলেই প্রতিনিয়ত সেই কষ্ট লাঘবের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *