এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘পরাণ’

বিনোদন প্রতিবেদক, নজর২৪: ঈদুল আজহায় মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমাটি। লাইভ টেকনোলজিস প্রযোজিত এ সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে।

মুক্তির এক মাস অতিক্রম করলেও ছবিটি দেখতে এখনও হাউজফুল দর্শক। বিভিন্ন প্রেক্ষাগৃহে টিকিট না পেয়ে অপেক্ষা করতে হচ্ছে দর্শকদের।

এদিকে দেশের বাইরে প্রবাসীদের মধ্যেও ‘পরাণ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। আগামী সেপ্টেম্বরে বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় ‘পরাণ’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে।

বিদেশে সিনেমাটি মুক্তি দেয়া প্রসঙ্গে লাইভ টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক শরীফ উদ্দিন টিটো বলেন, ‘আমরা একটা পরিছন্ন সিনেমা তৈরি করেছি। সিনেমাটি মুক্তির একমাস পরেও দর্শক আগ্রহ নিয়ে দেখছে। এবার যুক্তরাষ্ট ও কানাডা প্রবাসীদের জন্য সিনেমাটি মুক্তি দেয়া হচ্ছে। আশা করছি, সবাই সিনেমাটি ভালোভাবেই উপভোগ করবে।’

যুক্তরাষ্ট্র ও কানাডায় পরাণ ছবির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন, ‘পরাণ ছবিটি মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্র ও কানাডার বাঙালিরা ছবিটি দেখার জন্য মুখিয়ে রয়েছে। অবশেষে সবার আগ্রহে সিনেমাটি সেপ্টেম্বরে মুক্তি দেয়া হবে। ছবিটি নিয়ে আমরা দারুণ আশাবাদী।’

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত ছবিটি একাধিক দেশে মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের কাছ থেকে খুব সাড়া পাচ্ছি। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে। এছাড়া ছাড়া মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, নিউজিল্যান্ডসহ মুক্তির কথা চলছে। তাছাড়া ছবিটি প্রদর্শনীর জন্য পাকিস্তান ও চীন থেকেও ফোন পেয়েছি।’

একই প্রতিষ্ঠানের পরিচালক তামজিদ অতুল বলেন, ‘পরাণ সিনেমার আয় দিয়ে আরও দুই থেকে তিনটি সিনেমা বানানো যাবে। পরাণের সেল দিন দিন বাড়ছে। এই সফলতায় আমরা প্রত্যেক বছর দুইটা সিনেমা রিলিজ দেব থিয়েটারে।’

বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও কানাডায় নিয়মিত বাংলা সিনেমা প্রদর্শন করে আসছি। দেবী সিনেমার পর পরাণ সিনেমা নিয়ে দর্শকের এত আগ্রহ দেখছি। নিয়মিত এমন গল্পের সিনেমা মুক্তি পেলে বাংলা সিনেমার দর্শক বাড়বে। পাশাপাশি সিনেমার বাজারও বড় হবে।’

পরান সিনেমার এমন সফলতায় দারুণ খুশি ছবির কলাকুশলীরা। এখনও হল ভিজিটে যাচ্ছেন ছবির নায়ক-নায়িকারা।

‘পরাণ’ সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, রাশেদ অপু, ইয়াস রোহান, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *