ফুটফুটে এক পুত্র সন্তানের বাবা-মা হলেন সময়ের আলোচিত তারকা জুটি শরিফুল রাজ ও পরীমণি। বুধবার (১০ আগস্ট) বিকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নতুন অতিথির জন্ম হয়; খবরটি নিশ্চিত করেছেন পিতা শরিফুল রাজ।
সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ বাবা হয়েছি। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’
রাজ আরও বলেন, ‘পরী অন্তঃসত্ত্বা হওয়ার পর ওকে বেশি সময় দেওয়ার চেষ্টা করেছি। শেষ ক’টা দিন ওর সঙ্গে সবসময় থেকেছি। প্রতি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।’
গেল বছর গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমনির পরিচয় ও প্রেম। পরবর্তীতে তাদের প্রেম গড়ায় পরিণয়ে। গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি।
