‘মায়া’ সিনেমা নির্মাণের জন্য ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পান চিত্রনায়ক শাকিব খান। প্রজ্ঞাপনে দেখা যায়, সিনেমার নির্মাতা হিসেবে হিমেল আশরাফের নামটি। তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘মায়া’ সিনেমাটি নির্মিত হবে।
তবে মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, শাকিব খানের মায়া সিনেমার পরিচালক পরিবর্তন হতে যাচ্ছে। অর্থাৎ হিমেল আশরাফ সিনেমাটির পরিচালক হিসেবে নাও থাকতে পারেন।
এ নিয়ে হিমেল আশরাফ মঙ্গলবার কোনো মন্তব্য করেননি। অবশেষে বুধবার বিকেলে বিষয়টি নিয়ে পরিচালক কথা বলেছেন দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে।
আমেরিকা থেকে হিমেল আশরাফ বলেন, ‘আমার জানামতে সবকিছুই এখনও ঠিকঠাক আছে। মায়া সিনেমার ব্যাপারে ভাইয়া দেশে গেলে সব ফাইনাল জানা যাবে। মায়া নিয়ে শাকিব ভাইয়ার কী প্ল্যান, মানে কবে শুট শুরু করবেন বা অন্যান্য বিষয় তিনি দেশে গেলে নিশ্চিত করবেন। এটুকুই আমি জানি।’
সুপারস্টার শাকিব খানের সঙ্গে নির্মাতা হিমেল আশরাফের সম্পর্কে কোনো চিড় ধরেছে কি না জানতে চাইলে পরিচালক বলেন, ‘সব আগের মতোই আছে। সম্পর্ক খারাপ হয়নি। মতানৈক্যও যে খুব হয়েছে তাও না। সো এইটা বলাটাও ঠিক হবে না।’
শাকিব খানকে নিয়ে রাজকুমার নামের সিনেমা নির্মাণ করছেন হিমেল আশরাফ। কিছুদিন আগে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রে।
উল্লেখ্য, প্রায় ৯ মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। কিছুদিন আগে তিনি দেশটিতে স্থায়ী বসবাসের জন্য গ্রিনকার্ড পেয়েছেন। রোজার ঈদে তার দেশে আসার কথা ছিল, আসেনি। এরপর কোরবানির ঈদেও আসতে চেয়েছিলেন। কিন্তু এবারও আসেননি।
তবে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ আগস্ট সকালে ঢাকায় ফিরবেন শাকিব খান। দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক নিজেই।
