ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা অভিনীত ‘দিন দ্য ডে’ সিনেমা ঈদুল আজহায় মুক্তি পেয়েছে।
সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকার বেশি বলে শুরু থেকে বলে আসছিলেন অনন্ত। অ্যাকশন থ্রিলার এই সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়।
সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন তারকা এ দম্পতি। সিনেমার বাইরেও বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকেন তারা।
এ প্রসঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বর্ষা। তিনি বলেন, অনেকদিন পর প্রেক্ষাগৃহে আমাদের সিনেমা মুক্তি পেয়েছে। মানুষ আগ্রহ নিয়ে সিনেমাটি দেখেছেন, এখনো দেখছেন। অবশ্যই ভালো লাগছে। এতদিন পর পর্দায় ফিরেও দর্শকদের মধ্যে আমাদের নিয়ে যে উচ্ছ্বাস, ভালোবাসা দেখেছি সেটা সত্যি আমাকে মুগ্ধ করেছে। আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। দর্শকরাই আমাদের শক্তি। সেটা আরও একবার প্রমাণ হয়েছে। আমি বলব, আমরা সফল হয়েছি।
সমালোচকদের উদ্দেশ্যে বর্ষা বলেন, যারা সমালোচনা করেন তারা আসলে কী বুঝে সেটা করেন তা নিজেও জানেন না। এটুকু বলব, প্রত্যেকটি কাজের ভালো এবং মন্দ দুটি দিকই আছে। কেউ ভুলের ঊর্ধ্বে নয়। ভুলটা ধরিয়ে দেবেন, এটা ঠিক আছে, কিন্তু ভালো কাজের বাহবাও দেওয়া উচিত।
তিনি বলেন, যারা দেশকে ভালোবাসেন, দেশের সিনেমাকে ভালোবাসেন, ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন, তারা ঠিকই আমাদের সাধুবাদ জানিয়েছেন। তবে একশ্রেণির মানুষ আছে, যাদের কাজই হলো কেউ ভালো কাজ করলে তাকে খোঁচা দেওয়া, তার সমালোচনা করা। এরা ভালো কাজগুলো দেখবে না।
