টেলিটকের ফাইভজি প্রকল্প স্থগিত, ফোরজি শক্তিশালী করার নির্দেশ

দেশের রিজার্ভের ডলার সাশ্রয়ে টেলিটকের ৫জি প্রকল্প স্থগিত করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (২ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

সভায় টেলিটকের ৫জি সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপনার সময় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মনে করেন টেলিটকের ফাইভজি প্রকল্প এখনই দরকার নেই। বাংলাদেশের সব জায়গায় আগে ফোরজি সেবা নিশ্চিত করা দরকার। শুধু টেলিটককে নয়, সব মোবাইল অপারেটরকে বলেছেন ফোরজির আওতা বাড়াতে।’

এম এ মান্নান বলেন, ‘যেহেতু সরকার কৃচ্ছতাসাধন করছে এবং টেলিটকের ফাইভজি প্রকল্পের বড় অংশই আমদানি নির্ভর। তাই ডলার ব্যবহারের ওপর চাপ কমাতেই প্রকল্পটি বাদ দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আপাতত দেশে ফাইভজি কাভারেজের চেয়ে ফোরজির পরিধি বাড়ানো জরুরি। সেই আঙ্গিকে মোবাইল অপারেটরদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

একনেক সভায় সার্বিকভাবে বিদেশি ঋণের প্রকল্পের পরিধি কমবে কি না সে বিষয়ে আলোচনা হয়নি বলে জানান তিনি।

এর আগে, ঢাকা মেট্রোপলিটন এলাকায় টেলিটকের নেটওয়ার্ক বাণিজ্যিকভাবে চালু করার উদ্যোগ নেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এজন্য বিভাগটি ২৩৬ কোটি ৫৪ লাখ টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আজকের সভায় অনুমোদনের জন্য তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *