ঢাকা: শোককে শক্তিতে রূপান্তরের মাধ্যমে আন্দোলন গতিশীল করে সরকারের পতন নিশ্চিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভোলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতার নিহত হওয়ার প্রসঙ্গ তুলে এমনটি বলেন তিনি।
সোমবার নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে নিহত নেতার জন্য আয়োজিত গায়েবানা জানাজা পড়ে বিএনপি। এর আগে এসব কথা বলেন ফখরুল।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পুলিশের গুলিতে আমাদের গণতান্ত্রকামী মানুষের রক্ত ঝরেছে। বিনা উসকানিতে, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি করেছে। স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিমকে হত্যা করেছে। শুধু তাই নয়, গুলি করে শতাধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনার আওয়ামী সরকার পুলিশ দিয়ে গুলি বর্ষণ করে জানান দিয়েছে পুলিশ দিয়ে— নির্যাতন করে, গুলি বর্ষণ করে আন্দোলন দমন করতে চায়। কিন্তু আব্দুর রহিমের রক্তের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এই দেশের মানুষ আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে কখনও ভয় করবে না। গণতন্ত্রকে মুক্ত করার জন্য, অধিকার আদায়ের জন্য জীবন দিয়েও লড়বে তারা।’
আমরা আব্দুর রহিমের রক্তকে বৃথা যেত দিতে পারি না উল্লেখ করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। তার এই আত্মত্যাগকে ধারণ করে সামনের দিকে এগিয়ে গিয়ে আরও গতিশীল হয়ে আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে।’
