বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনটির সব পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে রোববার আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এই কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন চিত্রনায়ক এম এ আলমগীর, কার্যকরী সভাপতি করা হয়েছে সংগীতশিল্পী রফিকুল আলমকে।
অভিনেত্রী ফাল্গুনী হামিদকে সাধারণ সম্পাদক করে কার্যকরী সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে অরুণ সরকার রানাকে।
পুনর্গঠিত কমিটির বিষয়ে অসীম কুমার এমপি বলেন, আমরা চেষ্টা করেছি সকল সীমাবদ্ধতা কাটিয়ে একটি সুশৃঙ্খল কমিটি করতে। আমি আশাবাদী নবগঠিত এই কমিটি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যার এগিয়ে যাবার পথকে নিরবচ্ছিন্ন করতে ভূমিকা রাখবে। কেননা, বঙ্গবন্ধু কন্যা এগিয়ে গেলেই বাংলাদেশ এগিয়ে যাবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সক্রিয় একাধিক কমিটিকে বিলুপ্ত করে নতুন উদ্যোমে পুনর্গঠিত এই কমিটি করা হয়েছে।
এ বিষয়ে অরুণ সরকার রানা বলেন, সবাইকে একসঙ্গে কাজ করার লক্ষ্যে নতুন এ কমিটি দেয়া হয়েছে। এর মাধ্যমে সংগঠনের কাজের গতি আরো বাড়বে বলে আশা করি।
