আমার মেয়েকে প্রার্থনায় রাখবেন: ফাহাদ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন। ২০১৪ সালের ১৩ এপ্রিল তাদের সংসারে আসে কন্যাসন্তান আরশিয়া উমাইজা। তবে সেই সংসার ভেঙে গেছে।

এরই মধ্যে পূর্ণিমার দ্বিতীয় বিয়ের খবর জানা গেছে। এই অভিনেত্রী আবারও বিয়ে করেছেন। পাত্র আশফাকুর রহমান রবিন, পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানে থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন।

এই খবরে পূর্ণিমাকে শুভকামনা জানিয়েছেন তার প্রাক্তন স্বামী আহমেদ জামাল ফাহাদ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সরাসরি পূর্ণিমার নাম উল্লেখ না করলেও তার লেখায় বিষয়টি স্পষ্ট। ফাহাদ লিখেছেন, দয়া করে আমাকে টেক্সট করা বা কল করা বন্ধ করুন। সব কিছু ঠিক আছে। মানুষের জীবনে কিছু ঘটে… আমার সঙ্গে খবর শেয়ার করার দরকার নেই..। আমি জানি… তার জন্য শুভকামনা… আমার মেয়েকে প্রার্থনায় রাখবেন।

দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে পূর্ণিমা জানিয়েছেন, তিন বছরের বন্ধুত্ব আমাদের। দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। ২৭ মে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ‘দুই পরিবারের ইচ্ছাতেই বিয়েটা হয়েছে, সবাই খুশি। আমার মেয়েসহ সবাইকে শ্বশুরবাড়ির লোকজন গ্রহণ করে নিয়েছেন, খুবই আদর করছেন। আমার মা–ও সবাইকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *