৩ বছর আগেই ফাহাদের সঙ্গে বিচ্ছেদ হয়েছে: পূর্ণিমা

চিত্রনায়িকা পূর্ণিমার বিচ্ছেদের খবর আসেনি গণমাধ্যমে। সে খবর আসার আগেই নতুন বিয়ের খবর জানালেন এই নায়িকা। জানালেন ২ মাস আগেই একটি বহুজাতিক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেছেন তিনি।

পূর্ণিমার এটা দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি।

এদিকে বিয়ের খবর সামনে আসতেই প্রথম বিয়ের বিচ্ছেদের খবরও জানা গেল। আর বিষয়টি জানিয়েছেন পূর্ণিমা নিজেই।

তিনি বলেন, ‘প্রায় তিন বছর ধরেই আমাদের সম্পর্ক নেই। যেহেতু আমার একটি মেয়ে আছে। মেয়ের বাবা সে। মেয়েটা স্কুলে পড়ে। সব বিবেচনা করে আমরা বিষয়টি জানাতে চাইনি।’

তিনি আরও বলেন, ‘প্রথম বিয়ের সম্পর্কে আমার আগে থেকেই ঝামেলা ছিল। তা না হলে তো কেউ ইচ্ছা করে সংসার ভাঙতে চায় না।’

পূর্ণিমা বলেন, ‘কাজের সূত্র ধরেই তার (রবিন) সঙ্গে পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দেওয়া-নেওয়া। এবং বিয়ে।’

বিয়ের পরেই পূর্ণিমাসহ তার পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। কারো কারো কোভিড ছিল। সে কারণে তার বিয়ের খবর জানাতে দেরি হয়েছে বলে জানান জনপ্রিয় এই নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *