প্রথম সংসার ভাঙার প্রায় ৩ বছর পর দ্বিতীয় বিয়ে করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ও উপস্থাপিকা দিলারা হানিফ পূর্ণিমা। তার বর্তমান স্বামীর নাম আশফাকুর রহমান রবিন।
এ জুটির বিয়েটা হয়েছে গত ২৭ মে। প্রায় দুই মাস পরে সে খবর প্রকাশ হলো। নতুন স্বামীর সঙ্গে পূর্ণিমার বিয়ের ছবিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গেছে, পূর্ণিমার স্বামী পেশায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন অস্ট্রেলিয়ার সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।
পূর্ণিমা ও রবিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে দুই পরিবারের সম্মতিতে। বর্তমানে নবদম্পতি রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন। চলতি বছরের শেষ দিকে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
বিয়ের বিষয়ে বৃহস্পতিবার (২১ জুলাই) গণমাধ্যমকে পূর্ণিমা বলেন, ‘কাজের সূত্র ধরেই তার সঙ্গে পরিচয়। ৩ বছরে পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দেওয়া-নেওয়া।’
প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে জানিয়ে পূর্ণিমা বলেন, ‘আমাদের সম্পর্ক নেই প্রায় তিন বছর। যেহেতু আমার একটি মেয়ে আছে। মেয়ের বাবা সে। মেয়েটা স্কুলে পড়ে। সব বিবেচনা করে আমরা বিষয়টি জানাতে চাইনি।’
তিনি আরও বলেন, ‘প্রথম বিয়ের সম্পর্কে আমার আগে থেকেই ঝামেলা ছিল। তা না হলে তো কেউ ইচ্ছা করে সংসার ভাঙতে চায় না।’
মেয়ে এখন পূর্ণিমার সঙ্গে আছে এবং পূর্ণিমার নতুন সম্পর্ককে সে ভালোভাবেই গ্রহণ করেছে বলে জানান তিনি।
পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি কন্যা সন্তানের মা হন।
