ঢালিউডের কিংবদন্তি অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা সারাহ বেগম কবরীর ৭২তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি উদযাপন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
মঙ্গলবার (১৯ জুলাই) রাতে এফডিসিতে কবরীর জন্মদিন উপলক্ষে শিল্পী সমিতির স্টাডি রুমে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সে সময় সংগঠনটির সভাপতি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে উপস্থিত ছিলেন চিত্রনায়ক অমিত হাসান, সাইমন সাদিক, ইমন, অভিনেতা যাদু আজাদ, হাসান জাহাঙ্গীর, সনি রহমান, সীমান্ত, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু ও শামসুল আলম প্রমুখ।
স্মৃতিচারণ করে কবরীকে নিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘কবরী ম্যাডাম ছিলেন আমাদের সিনেমার প্রাচুর্য, অহংকার। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি। অন্য একটি ধর্ম থেকে এসে তিনি মুসলিম হয়েছিলেন। আল্লাহ তাকে কবুল করুন। ’
তিনি বলেন, আমি দেখেছি আমরা অনেকের সম্পর্কে অনেক কিছু ধারণা করি কিন্তু আমাদের কোরআনে কিন্তু নিষেধ করেছে মনগড়া ধারণা করার ব্যাপারে। সেই ধারণা ভুল হতে পারে। সেই ভুল ধারণার জন্য নিজে গুনাগার হতে পারি। সৃষ্টিকর্তা কখন কার প্রতি সন্তুষ্ট হন আমরা কেউ জানি না। এই বিষয়টা সৃষ্টিকর্তার একান্ত ব্যক্তিগত ব্যাপার।
কাউকে আল্লাহ সম্মান দেন আর কাউকে আল্লাহ অসম্মান করেন। এই বিষয়গুলো আছে। আরেকটা বিষয় বলি যাকে ইচ্ছা তাকে তিনি মাফও করে দেবেন। আমরা যারা চলচ্চিত্রের মানুষ তাদের নিয়ে অনেকে অনেক নেতিবাচক ধারণা করেন। কটাক্ষ করেন। এটা করবেন না। আল্লাহতালা সৃষ্টিকর্তা, তিনি কাকে কীভাবে ভালোবাসেন, কীভাবে কবুল করবেন আমরা কেউ জানি না। একদমই তার নিজের ব্যক্তিগত ব্যাপার এটা।
তিনি বলেন, ‘আমরা আজ উনার জন্মদিন পালন করছি। কিন্তু তিনি আমারদের মাঝ থেকে চলে গেছেন। কিন্তু দেখেন সাইমন বললো, অমিত হাসান বললো আপু আপনি যেখানে থাকেন আমরা আপনাকে ভালোবাসি। আমি আবারও বলছি কবরী আপা, রাজ্জাক ভাই আপনাদের স্নেহের কথা ভুলে যাইনি। আমরা যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের স্মরণ করবো। ততদিন আপনাদের জন্য দোয়া করবো।





