দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন অনন্ত জলিল। ঈদ উপলক্ষে গত (১০ জুলাই) দেশের ১০৭টি হলে মুক্তি পেয়েছে তার ‘দিন দ্য ডে’ সিনেমাটি। বরাবরের মতো এবারও তার সঙ্গী হয়েছেন বর্ষা।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন দ্য ডে’। সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা। এই সিনেমার বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। অর্থাৎ বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে, তিনি সেই অংশটুকুতেই লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক।
বাজেটের কারণে বেশ আগে থেকেই আলোচনায় রয়েছে ‘দিন-দ্য ডে’। মুক্তির পরেও কম আলোচনা-সমালোচনা হয়নি। তবে এসব পেছনে ফেলে ছবির প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই দুই তারকা।
সোমবার রাতে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলে ‘দিন দ্য ডে’ সিনেমা দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনন্ত জলিল।
এসময় তিনি বলেন, আমরা যখন ছোটবেলায় মাঠে ফুটবল খেলা দেখতাম এখন সেই অবস্থা সিনেমা হলে। একটা জিনিস সত্যিই খুবই ভালো লেগেছে যে, ছবি দেখে আমরা মজা পাচ্ছি।
এ অভিনেতা বলেন, দর্শকরা যখন হলে আসে তখন যে মজা করে, শিস বাজিয়ে নিজেদের আনন্দ প্রকাশ করছে। এই যে কষ্ট করেছি (সিনেমা নির্মাণের সময়) রাস্তাঘাট, পাহাড়-পর্বত, উটের থেকে পড়ে দুই হাড্ডি ডিসপ্লে হয়ে গেছে-এই কষ্টগুলো এখন আর মনে থাকছে না।
অনন্ত জলিল বলেন, আমি স্কুল ছাত্র-ছাত্রীদের আমার সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছিলাম। ফেসবুকে একটি ভিডিওবার্তায় ওই আহ্বান জানিয়েছিলাম। তারা এমনভাবে সাড়া দিয়েছে। তাতে আমি অভিভূত। দলে দলে এমনভাবে এসেছে যে, তা দেখে আমি মুগ্ধ।।
