ঈদুল আজহার আর মাত্র কয়েক দিন বাকি। গরুর খামারিদের যেন দম ফেলানোর সময় নেয়। সবাই ব্যস্ত তাদের খামারের গরুগুলোক বিভিন্ন নামে বাজারে প্রদর্শনের জন্য। ক্রেতাদের আকর্ষণ করতে খামারিরা তাদের সেরা গরুগুলোকে খান বাহাদুর, রাজাবাবু, বসসহ বিভিন্ন নায়কের নাম রাখছেন।
ঠিক তেমনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউপির হাজীপুর গ্রামের খামারি ইউনুস মিয়া তার এক গরুর নাম রেখেছেন ‘শাকিব খান’।
জানা যায়, জেলার নবীনগর উপজেলার আহাম্মদপুর কোরবানির পশুর হাটে বিক্রির জন্য তার খামারের ‘শাকিব খান’ নামে ওই গরুটি তোলেন।
এদিকে ঢাকাই সিনেমার সুপারস্টার ‘শাকিব খান’ নামের ওই গরুটি একপলক দেখতে হাটে ভিড় করছেন উৎসুক জনতা। খামারি গরুটির দাম হাঁকছেন সাড়ে ৩ লাখ টাকা। ওজন প্রায় ৭০০ কেজি।
খামারি ইউনুস মিয়া জানান, এবার কোরবানির পশুর হাটে তোলার জন্য তার খামারে ২২টি গরু পালন করেছেন। খামারের বড় গরুগুলোকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে বিভিন্ন নায়কের নামে নাম রেখেছেন। ক্রেতাদের আকর্ষণের জন্য বর্তমান সময়ের বাংলা সিনেমার আলোচিত নায়কদের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে।
তিনি আরো জানান, ‘শাকিব খানের’ পাশাপাশি বাংলা সিনেমার আরেক নায়ক ‘জায়েদ খানের’ নামে তার একটি গরুর নাম রেখেছেন। সেটিও হাটে আনা হয়েছে। ৬০০ কেজি গরুটির দাম হাঁকছেন ৩ লাখ টাকা।
