সুসময়ে বাঁধন

বড়ই সুুসময় পার করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার তিনি পুরস্কৃত হয়েছেন স্পেনে। সেখানকার ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ সেরা অভিনেত্রী হয়েছেন তিনি।

গত শনিবার শেষ হয়েছে উৎসবটির এবারের আসর। সমাপনী দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এবার সেরা অভিনেত্রী হয়েছেন বাঁধন। এ ছাড়া উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবেও পুরস্কৃত হয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই সিনেমা।

পুরস্কার প্রাপ্তির খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বাঁধন নিজেই। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন, ‘সিনেমা জোভ-এ আমরা দু’টি পুরস্কার পেয়েছি। এটা সত্যিই অনেক বড় সম্মান। ধন্যবাদ সিনেমা জোভ ও সম্মানিত জুরি বোর্ড আমাদের পুরস্কৃত করার জন্য। এটা আমাদের অনুপ্রেরণা জোগাবে।’

এদিকে পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে স্পেন থেকে বাঁধন সংবাদমাধ্যমকে বলেন, ‘আসলে অনুভূতিটা ভীষণ আলাদা এ জন্য যে এখানে আমি একা একটা বাংলাদেশি মেয়ে এসেছি। এখানকার সংস্কৃতি ও ভাষা একদমই আলাদা। বুঝতেও অসুবিধা হচ্ছিল। উৎসবের পরিচালক আমাকে জানিয়েছেন, আমাদের সিনেমা দুটো পুরস্কার পেয়েছে। সেরা ছবি ও সেরা অভিনেত্রীর। সিনেমা দেখে ওরা মুগ্ধ। উৎসবে যখনই আমার কারও সঙ্গে দেখা হয়, জুরি মেম্বার ও দর্শক সবাই আমাকে রেহানা বলে ডাকেন। পরিচয় করিয়ে দেন, উনি হচ্ছেন বাঁধন, ইনিই রেহানা, বাংলাদেশ থেকে এসেছেন— তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে, রেহানা বলেই সবাই জড়িয়ে ধরেন। এমনও জানিয়েছেন, তাঁরা রেহানার সঙ্গে নিজেদের এত সংযুক্ত করেছেন যে মনে করছেন তাঁরা আমাকে চেনেন। আমার কষ্ট তাঁরা বুঝেছেন, আমাকে ফিল করেছেন।’

এর আগে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জন্য একাধিক পুরস্কার পেয়েছেন বাঁধন। অস্ট্রেলিয়ায় ‘এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। এ ছাড়া কেরালার চলচ্চিত্র উৎসবে পেয়েছেন বিশেষ সম্মান। কান চলচ্চিত্র উৎসবেও মনোনয়ন পেয়েছিল ‘রেহানা মরিয়ম নূর’। উৎসবের প্রিমিয়ারে শোতেও প্রশংসা পেয়েছিল ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *