আমাদের পাগলামি সবার নজর কেড়েছে: মিম

হৃদয়স্পর্শী ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘পরাণ’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। যার ফলে আসন্ন পবিত্র ঈদুল আজহায় সিনেমাটির মুক্তিতে আর কোন বাধা নেই। রোববার (০৩ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখেছেন।

বোর্ড সদর অরুণা বিশ্বাস জানিয়েছেন, ‘দারুণ গল্পের একটি সিনেমা দেখলাম আমরা। কাজটি বেশ ভাল হয়েছে, আনকার্ট ছাড়পত্রের জন্য সুপারিশ করেছি আমরা।’

‘পরাণ’ সিনেমার পাত্রী চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম আর দুই পাত্র চিত্রনায়ক শরিফুল রাজ ও ইয়াশ রোহান। এই সিনেমার মাধ্যমে সাত বছর পর ঈদে মুক্তি পাবে বিদ্যা সিনহা মিমের সিনেমা আর চিত্রনায়ক শরিফুল রাজের ঈদে মুক্তি পাওয়া প্রথম সিনেমা হবে।

সিনেমাটি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিদ্যা সিনহা মিম। তিনি বলেন, শরিফুল রাজ ও আমার রসায়ন নিয়ে সাজানো ‘চলো নিরালায়’-এর ভিডিওটি প্রকাশ হয়েছে গত সোমবার। আমাদের খুনসুটি, প্রাণচাঞ্চল্য, পাগলামিসহ সবই নজর কেড়েছে সবার। দর্শক-শ্রোতা এখনও ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন। মোটা দাগে বলা যায়, এই গানের সুবাদে এ জুটিকে বড় পর্দায় দেখার আগ্রহ বেড়েছে দর্শকদের। সাধারণ মানুষের পাশাপাশি সংগীতাঙ্গনের শিল্পীরা সামাজিক মাধ্যমে গানটির প্রশংসা করেছেন। গানের কথা অসাধারণ। জনি হকের কথায় ‘চলো নিরালায়’ গেয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা।

মিম বলেন, দর্শক পর্দায় ভালো একটি গল্প দেখতে চায়। এটি তেমনই গল্পের ছবি। এখানে আমার চরিত্র মফস্বলের এক মেয়ের। এটি চেনাজানা চরিত্র। যে জন্য এ চরিত্রটির সঙ্গে একেবারে মিশে গিয়েছিলাম। দৃশ্যধারণের সময় মনে হতো, মাত্র কলেজ থেকে ফিরছি। ছবিটি দর্শককে ভাবাবে, কাঁদাবে। ডাবিংয়ের সময় ছবির মিনিট দুয়েকের ছোট্ট একটি দৃশ্য দেখে আমি কেঁদেছি। নিজের সিনেমা বলেই বলছি না; মেকিং ভালো হয়েছে বলে এটি বলছি। ছবিটি নিয়ে অনেক কষ্ট করেছি। খুব সকালে উঠে শুটিং লোকেশনে যেতে হয়েছে। একটি দৃশ্যের জন্য টানা তিন দিন মধ্যরাত পর্যন্ত বসে ছিলাম। কষ্ট সার্থক হবে যদি দর্শক ছবিটি দেখেন। সব মিলিয়ে এটি দর্শকের মন ভরাবে- এ আশা করা যায়।

এসময় হাতে থাকা সিনেমার অবস্থাও জানান এই অভিনেত্রী। বলেন, দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’ ও রায়হান রাফির ‘দামাল’ ছবির কাজ শেষ করেছি। আর হাতে রয়েছে ‘ইত্তেফাক’ ছবিটি। এর পঞ্চাশভাগ দৃশ্যধারণ শেষ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *